চুনারুঘাটে ভূগর্ভস্থ গ্যাসের সম্ভাব্য সন্ধান, এলাকায় কৌতূহল
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৭ PM

চুনারুঘাটে ভূগর্ভস্থ গ্যাসের সম্ভাব্য সন্ধান, এলাকায় কৌতূহল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৬/২০২৬ ০৩:৫১:৪৯ PM

চুনারুঘাটে ভূগর্ভস্থ গ্যাসের সম্ভাব্য সন্ধান, এলাকায় কৌতূহল

সংগৃহিত


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম বড়াব্দা গ্রামে ভূগর্ভস্থ গ্যাসের সম্ভাব্য সন্ধান পাওয়া গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক কৌতূহল ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, সম্প্রতি গ্রামের একটি স্থানে মাটি ফুঁড়ে গ্যাসজাতীয় পদার্থ বের হওয়ার মতো আলামত দেখা যায়। বিষয়টি জানাজানি হলে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সম্ভাব্য গ্যাসের উপস্থিতি যাচাইয়ে প্রাথমিক অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়।

এদিকে গ্যাসের সন্ধানের খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ঘটনাস্থলে ভিড় করছেন। স্থানীয়দের মধ্যে এ নিয়ে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

তবে অনুসন্ধান ও পরীক্ষার ফলাফল পাওয়ার আগে গ্যাসের মজুত সম্পর্কে নিশ্চিত কোনো মন্তব্য করা সম্ভব নয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মানিক মিয়া বলেন, “এলাকায় গ্যাসের সম্ভাব্য সন্ধানের খবরে মানুষের মধ্যে আশার সৃষ্টি হয়েছে। প্রকৃতপক্ষে গ্যাসের মজুত পাওয়া গেলে এটি এলাকার অর্থনীতি, কর্মসংস্থান ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে গ্যাসের আলামত পাওয়ার বিষয়টি যাচাই করা হচ্ছে। অনুসন্ধান কার্যক্রমের অগ্রগতি ও পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

জৈন্তা বর্তা / ওয়াদুদ