অভিনয়ের মঞ্চে দুই দশক, নতুন গল্পে অপূর্ব
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০৬ AM

অভিনয়ের মঞ্চে দুই দশক, নতুন গল্পে অপূর্ব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৮/২০২৬ ০৫:৩৩:২১ PM

অভিনয়ের মঞ্চে দুই দশক, নতুন গল্পে অপূর্ব

সংগৃহীত


জিয়াউল ফারুক অপূর্ব। মডেলিং দিয়ে শুরু হলেও অভিনয়ই তাকে দিয়েছে তারকাখ্যাতি। ২০০৬ সালে শুরুর পর দুই দশকের পথচলায় তিনি এখন ছোট পর্দার নির্ভরতার নাম। তিনি শুধু একজন অভিনেতাই নন। তিনি গল্প লেখেন, গল্প ভাবেন। তিনি গানও করেন। বহুমাত্রিক প্রতিভার অধিকারী অপূর্ব। লিখেছেন- ফয়সাল আহমেদঅপূর্বর ক্যারিয়ারের সবচেয়ে বড় শক্তি তার ধারাবাহিকতা। রোমান্টিক চরিত্রে দর্শকের ভালোবাসা পেলেও সময়ের সঙ্গে নিজেকে নানা ধরনের চরিত্রে উপস্থাপন করেছেন তিনি। তার অভিনীত নাটকের জনপ্রিয়তা শুধু টেলিভিশনের পর্দায় সীমাবদ্ধ নয়; ইউটিউব ও ডিজিটাল প্ল্যাটফর্মেও তার কাজ পেয়েছে বিপুল দর্শকপ্রিয়তা। তার অভিনীত ৫০টি নাটক কোটি ভিউ অতিক্রম করার মাইলফলকও স্পর্শ করেছে।

‘বড় ছেলে’ থেকে নতুন মাত্রা:

অপূর্বর দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটক দর্শকের মনে জায়গা করে নিয়েছে। তবে ‘বড় ছেলে’ তার ক্যারিয়ারে বিশেষ বাঁকবদলের গল্প। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত নাটকটি ২০১৭ সালে প্রচারের পর দেশ-বিদেশে আলোচনা তৈরি করে। সবার কাছে ‘বড় ছেলে’ হিসেবে নতুনভাবে পরিচিতি পান অপূর্ব। তিনি বলেন, ‘মানুষের যে পরিমাণ ভালোবাসা ‘বড় ছেলে’র কারণে পেয়েছি, এই পরিচয় কখনও চাই না ফুরিয়ে যাক। এই ভালোবাসাটা আরও বাড়তে থাকুক। মানুষ যেন শেষ জীবন পর্যন্ত আমাকে ‘বড় ছেলে’ বলে চিনুক।’ নাটকটির ব্যাপক দর্শকপ্রিয়তা তার তারকাখ্যাতিকে নতুন উচ্চতায় নিয়ে যায়। তবে শুধু জনপ্রিয় চরিত্রের ওপর নির্ভর করে থাকতে চাননি অপূর্ব। বিভিন্ন সময়ে ভিন্ন স্বাদের গল্প ও চরিত্রে কাজ করে নিজের অভিনয়ক্ষমতার পরিসর বাড়িয়েছেন। সহশিল্পীদের সঙ্গে তার রসায়ন নাটকের জনপ্রিয়তার অন্যতম আলোচিত বিষয়। অপূর্বর ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য- শুধু কাজের সংখ্যা নয়, কাজটি কতটা অর্থবহ সেটিই গুরুত্বপূর্ণ। নাটকের পাশাপাশি ওটিটিতেও সরব অপূর্ব। বুকের মধ্যে আগুন, গোলাম মামুন কিংবা হেডলাইনে তার উপস্থিতি নজর কেড়েছে দর্শকের।

বর্তমান ব্যস্ততা:সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। ফিরেই ব্যস্ত সময় কাটাচ্ছেন নাটকের শুটিংয়ে। এখন শুটিং করছেন মাসরিকুল আলম পরিচালিত একটি নাটকের। এতে তার সঙ্গে আছেন শার্লিন ফারজানা। এই নাটক দিয়ে ছয় বছর পর ছোট পর্দায় একসঙ্গে অভিনয় করছেন অপূর্ব ও শার্লিন। এ নাটকের শুটিং শেষে টানা আরও সাতটি নাটকে অভিনয় করবেন বলে জানান অপূর্ব। নাটকগুলো পরিচালনা করবেন জাকারিয়া সৌখিন, সৈয়দ শাকিল, মুরসালিন শুভ, মাহমুদুর রহমান হিমি ও রুবেল হাসান। এরপর আবার চলে যাবেন যুক্তরাষ্ট্রে। এ বছরের শেষদিকে দেশে ফেরার কথা রয়েছে। ওই সময় ঈদের ওটিটি কনটেন্ট ও টিভি নাটকের কাজ করবেন।

ছোট পর্দা থেকে বড় পর্দায়নাটক: অপূর্বর মূল পরিচয়ের জায়গা হলেও সিনেমাতেও রয়েছে তার পথচলা। বড় পর্দায় অভিষেক ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ দিয়ে। প্রায় এক দশকের বিরতির পর ২০২৪ সালে টালিউডের ‘চালচিত্র’ সিনেমায় দেখা যায় তাকে। অপূর্ব জানান, সিনেমায় কাজের ক্ষেত্রে সব সময় গল্প, পারিশ্রমিকসহ নানা বিষয় তার প্রত্যাশার সঙ্গে মেলেনি। তবে ভালো গল্প ও উপযুক্ত সুযোগ এলে বড় পর্দায় কাজ করার আগ্রহ তার রয়েছে। তাই এখন চারটি সিনেমা নিয়ে ভাবছেন তিনি! অপূর্ব বলেন, ‘এখনও আলোচনা চূড়ান্ত হয়নি। শুধু এতটুকু বলতে পারি, একসঙ্গে চারটি সিনেমা নিয়ে কথা হচ্ছে। অনেক সময় দেখা যায়, শুটিং শুরু হওয়ার পরও শেষ পর্যন্ত সিনেমাটি আর হয় না। এ কারণে আগে থেকে বলতে চাই না। কোনো কারণে পরবর্তী সময়ে সিনেমাটি না হলে দর্শকের আস্থা নষ্ট হয়ে যাবে। যখন বুঝতে পারব আসলেই হচ্ছে, তখন আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব।’

গল্প ভাবনায়ও অপূর্ব:অভিনয়ের পাশাপাশি গল্প ভাবনায়ও নিজের সৃজনশীলতার পরিচয় দিয়ে আসছেন। তার গল্পে নির্মিত হয়েছে একাধিক জনপ্রিয় নাটক। ২০০৭ সালে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘স্বপ্নের নীল পরী’ ছিল অপূর্বর গল্পে নির্মিত প্রথম নাটক। এরপর তার গল্পে তৈরি হয়েছে ‘এক টুকরো নীল’, ‘ভালোবাসার শুরু’, ‘ফিরে আসা’, ‘মধু সিং’, ‘আগডুম বাগডুম’সহ আরও বেশ কিছু নাটক। গেল ঈদেও অপূর্বর লেখা গল্প ও চিত্রনাট্যে নির্মিত হয়েছে ‘অচেনা আমি’। নাটকটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।

অভিনয়ের বাইরে গান:অপূর্বর আরেকটি পরিচয়- তিনি গানও করেন। বহু বছর ধরে বিভিন্ন আড্ডা ও ঘরোয়া আয়োজনে গান গাইলেও তার কণ্ঠ শোনা গেছে বেশ কয়েকটি নাটকেও। চলতি বছরে এসে সেই আগ্রহ পেয়েছে আরও বড় পরিসর। ৮ আগস্ট নিউইয়র্কের জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’ শিরোনামে একক সংগীতানুষ্ঠানে প্রায় দুই ঘণ্টা গান পরিবেশন করেছেন তিনি। সেখানে নিজের পছন্দের শিল্পীদের গান গাওয়ার পাশাপাশি নিজের কণ্ঠে গাওয়া নাটকের গানও পরিবেশন করেছেন।অভিনেতার ভাষায়, অভিনয়ের পাশাপাশি গান গাওয়া তার ভীষণ পছন্দের। অপূর্ব জানান, সেই কনসার্টের পর যুক্তরাষ্ট্রের ১২টি শহর থেকে কনসার্টের প্রস্তাব এসেছে। তবে তাড়াহুড়া করতে চান না তিনি। পর্যাপ্ত সময় নিয়ে এবং প্রস্তুত হয়েই কনসার্ট নিয়ে এগোনোর পরিকল্পনা তার।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী