সিলেটে ভালো ক্রিকেটার তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ AM

দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের সমাপনী অনুষ্ঠানে আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেটে ভালো ক্রিকেটার তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/০৯/২০২৬ ১২:২৯:১৫ AM

সিলেটে ভালো ক্রিকেটার তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

ছবি:সংগৃহীত


সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ক্রিকেটে সিলেটের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। জাতীয় দলের অনেক খেলোয়াড় সিলেটের মাটি থেকে উঠে এসে দেশের প্রতিনিধিত্ব করেছেন। তবে সাম্প্রতিক সময়ে প্রত্যাশা অনুযায়ী সিলেট থেকে খেলোয়াড় উঠে আসছে না। তাই তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে মাহা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট বিভাগে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করতে ক্রিকেট ট্যালেন্ট হান্টের মতো কার্যক্রম গ্রহণ করা দরকার। পাশাপাশি জেলা ক্রীড়া সংস্থাসহ সংশ্লিষ্ট সংগঠনগুলো ক্রিকেটের প্রতি আরও গুরুত্ব দিলে ভালো খেলোয়াড় বের করে আনা সম্ভব।

তিনি বলেন, ক্রিকেটে নিয়মিত অনুশীলন, ধারাবাহিকতা ও মানসম্মত কোচিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিলেটের জন্য ভালো কোচিং স্টাফ দেওয়ার প্রক্রিয়া বিসিবির পক্ষ থেকে প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কোচিং স্টাফরা দায়িত্ব নেওয়ার পর খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হবে।

বিসিবি পরিচালক আরও বলেন, সিলেটে ক্রিকেটের উন্নয়নে কিছু অবকাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ব্যবহৃত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠ নিয়মিত অনুশীলনের কাজে ব্যবহার করা সম্ভব নয়। তাই সিলেটে একটি পূর্ণাঙ্গ প্র্যাকটিস গ্রাউন্ড তৈরি করা অন্যতম অগ্রাধিকার।

তিনি জানান, প্র্যাকটিস গ্রাউন্ড তৈরির বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের সঙ্গে কাজ চলছে। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে একটি প্রকল্প প্রস্তাব দেওয়া হচ্ছে। এ বিষয়ে ডিপিপি তৈরির কাজও শিগগির শুরু হবে।

তিনি বলেন, প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা গেলে সিলেট থেকে আরও ভালো ক্রিকেটার উঠে আসবে এবং জাতীয় পর্যায়ে সিলেটের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিবির কাউন্সিলর আশরাফ আরমান ও ইমতিয়াজ হোসেন তান্না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার নূর হোসেন, মোহাম্মদ জাহেদ, আহমদ জুলকারনাইন, মঞ্জুর আহমদ চৌধুরী, সাবেক ক্রিকেটার ও সংগঠক মোস্তফা কামাল পাশা মওদুদ, আলী ওয়াসিকুজ্জামান অনি, দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ কমিটির সভাপতি ইউসুফ কবির তুহিন, সম্পাদক ছালেহ আহমদ শাহিন, এইচ ইউ দীপু, টাইটেল স্পন্সর মাহার প্রতিনিধি আব্দুল কাদির, কো-স্পন্সর ব্লেস ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিনিধি সৈয়দ সামিত সোয়াদ, আনোয়ার হোসেন মানিকসহ সংশ্লিষ্টরা।

টুর্নামেন্টে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব চ্যাম্পিয়ন এবং শেখঘাট পাইওনিয়ার্স ক্লাব রানারআপ হয়েছে।

পুরস্কারের মধ্যে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের পারভেজ নির্বাচিত হয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচ। স্টার্স ইউনাইটেড ক্লাবের মামুন ২৬টি উইকেট নিয়ে সেরা বোলার এবং ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের দুলন ৩৭৩ রান করে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া ইয়ং ভিক্টর ক্লাবের মাসুম ৩৩৮ রান ও ১০ উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য লীগ এবং স্টার্স ইউনাইটেড ক্লাবের সায়েম ২৭৪ রান করে উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে ভালো ক্রিকেটার তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে
বুকে কা/টার দাগ নিয়ে ফ্যানে ঝু/লছিল আল-আমিন- র/হস্যের জ/ট
সিলেটের তিন খু/নের নিরপেক্ষ ত/দন্ত ও দ্রুত বি/চার দাবিতে বি/ক্ষোভ
মাধবপুরে মাদ্রাসাছাত্র জনি হ/ত্যা মামলার আ/সামি শিক্ষক গ্রে/প্তার
উন্নয়নে গ্রুপিং নয়, জনগণের স্বার্থই মুখ্য: হুমায়ুন কবির
১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবেনাঃ এমপি মিলন
জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’