সিলেটের ক্রীড়াঙ্গনকে গতিশীল করতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নাচন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

সিলেটের ক্রীড়াঙ্গনকে গতিশীল করতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নাচন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৬ ১১:০১:২৭ অপরাহ্ন

সিলেটের ক্রীড়াঙ্গনকে গতিশীল করতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নাচন

ছবি:সংগৃহীত


সিলেট জেলা ক্রীড়া সংস্থাকে আরও গতিশীল ও ক্রীড়াবান্ধব করে তুলতে ক্রীড়া সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা চেয়েছেন সংস্থার নবনিযুক্ত সদস্যসচিব রেজাউল করিম নাচন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১টার দিকে জেলা স্টেডিয়ামের হলরুমে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) সিলেট শাখার সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

রেজাউল করিম নাচন বলেন, ক্রীড়া সাংবাদিকরা হলেন ক্রীড়াঙ্গনের চোখ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুসহ এ অঞ্চলের ক্রীড়াঙ্গনের বিভিন্ন অর্জনের সঙ্গে ক্রীড়া সাংবাদিক ও বিএসপিএ ওতপ্রোতভাবে জড়িত। ভবিষ্যতেও বিএসপিএ এ ধরনের ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ক্রীড়া সাংবাদিকরা নবনিযুক্ত সদস্যসচিবকে অভিনন্দন জানান এবং সিলেটের ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁদের নানা প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতার কথাও জানান।

সাংবাদিকরা বলেন, সঠিক তথ্যের অভাব, মাঠে কাজের অনুকূল পরিবেশের ঘাটতি এবং নিয়মিত খেলাধুলার আয়োজন না থাকায় সিলেটে ক্রীড়া সাংবাদিকতা নানা চ্যালেঞ্জের মুখে পড়ছে।

সদস্যসচিব সাংবাদিকদের উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বসহকারে শোনেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, সাংবাদিক ও জেলা ক্রীড়া সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের ক্রীড়াঙ্গন আবারও প্রাণবন্ত হয়ে উঠবে।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ বদরুদ্দোজা বদর, জেলা ক্রীড়া অফিসার নুর হোসেন, বিএসপিএ সিলেটের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান মঞ্জুর আহমদ, সাধারণ সম্পাদক ও দৈনিক জালালাবাদের যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খান, এখন টিভির ব্যুরো প্রধান গুলজার আহমদ, এসএনপি স্পোর্টসের নির্বাহী সম্পাদক কাইয়ুম আল রনি, বিএসপিএর যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আফজাল, নির্বাহী সদস্য মিজানুর রহমান, ক্রীড়া সাংবাদিক শাহিন আহমদ, ক্রীড়া লেখক মাশরুর রাসেল, ক্রীড়া লেখক ও স্কোরার তানজিল শাহরিয়ার, সিলেট ভিউয়ের প্রতিবেদক আশিক উদ্দিন এবং ক্রীড়া লেখক ও ধারাভাষ্যকার জুয়েল আহমদ নুর প্রমুখ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ