চিংড়িতে ক্ষ/তিকর জেলি, ভিআইপি বেকারিতে নানা অ/নিয়ম
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

শ্রীমঙ্গলে মোবাইল কোর্টের অভিযান; জ/রিমানা ৬০ হাজার টাকা

চিংড়িতে ক্ষ/তিকর জেলি, ভিআইপি বেকারিতে নানা অ/নিয়ম

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৯/২০২৬ ০৯:৫৩:০৬ অপরাহ্ন

চিংড়িতে ক্ষ/তিকর জেলি, ভিআইপি বেকারিতে নানা অ/নিয়ম

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভেজাল ও অনিরাপদ খাদ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় চিংড়ি মাছে ক্ষতিকর জেলি ব্যবহার এবং একটি বেকারিতে নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টদের মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল নতুন বাজার ও সিন্দুরখান রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমানের দিকনির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।

অভিযানকালে শ্রীমঙ্গল নতুন বাজারে বিক্রির জন্য রাখা চিংড়ি মাছে ক্ষতিকর জেলি ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় দুই বিক্রেতাকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

পরে সিন্দুরখান রোডের ভিআইপি বেকারিতে অভিযান চালিয়ে বেশ কিছু অনিয়মের সত্যতা পাওয়া যায়। এর মধ্যে নন-ফুড গ্রেড রং ব্যবহার, উৎপাদিত কিছু পণ্যে মেয়াদের তথ্যসংবলিত লেবেল না থাকা, নকল হরলিক্স বিস্কুট উৎপাদন, কয়েকটি পণ্যে উৎপাদনের তারিখ হিসেবে পরবর্তী দিনের তারিখ উল্লেখ এবং অপরিচ্ছন্ন ও ময়লাযুক্ত ট্রেতে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।

এ ছাড়া বেকারিতে উৎপাদিত ৩৭টি পণ্যের মধ্যে ৩৪টিরই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অনুমোদন না থাকার বিষয়টি ধরা পড়ে। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মৌলভীবাজার জেলা কার্যালয়ের প্রতিনিধি ও পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। জনস্বার্থে ভেজাল ও অনিরাপদ খাদ্যের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক