পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, সারাদেশে এখন নির্বাচনী জোয়ার বইছে। নির্বাচন কমিশন ও সরকার একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য অঙ্গীকারাবদ্ধ। আশাকরি দল মত নির্বিশেষে সবাই এ নির্বাচনে অংশগ্রহণ করবে। আমি বিএনপিকে আহবান জানাবো জ্বালাও-পোড়াও না করে, সম্পদ ধ্বংস না করে নির্বাচনে আসুন, জনসমর্থন প্রমাণ করুন।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যারা নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন, তাদের প্রতি আমার আহ্বান, সিদ্ধান্ত পরিবর্তন করে নির্বাচনে আসুন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে আওয়ামী লীগ বদ্ধপরিকর।
মনোনয়ন জমা দেওয়া শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের নির্বাচনে অনেক ভোট পড়বে, তাতেই নির্বাচনে গ্রহণযোগ্যতা আসবে। কে আসলো না আসলো সেটি বিষয় না, জনগণ সঙ্গে আছে কিনা সেটিই দেখার বিষয়।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির আন্দোলনের নমুনা হলো, রাতের অন্ধকারে লুকিয়ে আগুন জ্বালানো। এতে নির্বাচনে কোনও প্রভাব পড়বে না।
জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছি। আরও অনেক কিছু করার আছে। অনেক প্রকল্পের কাজ চলছে। সেগুলো বাস্তবায়নের জন্য সিলেটবাসী অতীতের মতো আবারও আমাকে নির্বাচিত করবেন বলে আমার দৃঢ়বিশ্বাস।
তিনি আরো বলেন, শেখ হাসিনা ও আমার দলীয় নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ যে তারা আমার উপর আস্থা রেখেছেন। দেশবাসীকে আহবান জানাব তারা যেনো ভোট কেন্দ্রে যায় এবং পছন্দের প্রার্থীকে ভোট দেয়। আমাদের শ্লোগান হচ্ছে - আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব।
বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের অভাবনীয় অর্জনের জন্য তিনি দেশবাসীকে আবার নৌকা প্রতীকে ভোট দেবার আহবান জানান।
জৈন্তাবার্তা/জেএ




