ডিনস অ্যাওয়ার্ড পেলেন শাবির ১৭ গবেষক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অ্যাপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের ১৭জন গবেষককে ডিন’স অ্যাওয়ার্ড-২০২২ প্রদান করা হয়েছে। গবেষণায় বিশেষ অবদানের জন্য মোট ৩টি ক্যাটাগরিতে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ওই অনুষদের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে গবেষকদের হাতে ডিন’স অ্যাওয়ার্ড তুলে দেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এসময় অ্যাপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. আরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন।
অ্যাপ্লাইড সায়েন্স অনুষদের তথ্য মতে, ক্যাটাগরি-২, ৩ ও ৪ এই তিনটি ক্যাটাগরিতে ১৭ জন গবেষককে যৌথভাবে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। ক্যাটাগরি-১ এ কেউ আবেদন করেননি বলে জানা যায়। ক্যাটাগরি-২ থেকে ৫ জন, ক্যাটাগরি-৩ থেকে ৭ জন ও ক্যাটাগরি-৪ থেকে ৫ জনসহ তিনটি ক্যাটাগরিতে মোট ১৭ জন গবেষক এই অ্যাওয়ার্ড প্রাপ্ত হন।
অ্যাওয়ার্ড প্রাপ্তদের শুভেচ্ছা জানিয়ে উপাচার্য বলেন, গবেষণায় এই বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ঘটছে। তবে এতে আত্মতৃপ্ত হয়ে বসে থাকলে চলবে না। এই অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রাপ্ত গবেষকরা হলেন, ক্যাটাগরি-২ এর সুপারভাইজার অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম ও অধ্যাপক মো. শহিদুর রহমান প্রধান লেখক সাদিয়া সুলতানা, সহ লেখক মো. জাফর ইকবাল ও মো. মিজানুর রহমান। ক্যাটাগরি-৩ এর সুপারভাইজার অধ্যাপক ড.মো. মোজাম্মেল হক, প্রধান লেখক মোহাম্মদ রোজলান হাবিব, সহ লেখক জামিল কবির, শিরিন আক্তার, এম সাইফুর রহমান, ইয়াসমিন নাহার জলি ও জেনি মুর। ক্যাটাগরি -৪ এর সুপারভাইজার ও প্রধান লেখক অধ্যাপক ড. আহমেদ সায়েম, সুপারভাইজার অধ্যাপক ড. মোহাম্মদ মুহসিন আজিজ খান, সহ-লেখক প্রনব কুমার বিশ্বাস, লুকা রুমুলি ও মিচেল ডেলি মুরা।
জৈন্তাবার্তা/জেএ




