নগরে তফশিল বাতিলের দাবিতে আরিফুল হকের নেতৃত্বে মিছিল।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিলের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।
শুক্রবার দুপুর ২টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি বের হয়ে বন্দরবাজার করিম উল্লাহ মার্কেটের কাছে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা অবিলম্বে নির্বাচনের তপশিল বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান। পাশাপাশি দলের মহাসচিব মির্জা ফখরুলসহ সব কারাবন্দি নেতাকর্মীর মুক্তির দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, ইকবাল আহমদ, আশিক আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ, মদন মোহন কলেজ ছাত্রদলের আহবায়ক আফজল হোসেন প্রমুখ।
জৈন্তাবার্তা/জেএ




