জৈন্তাপুরের বাংলাবাজার এলাকায় নিজ কর্মস্থলে রমিজ মিয়া। ছবি: জৈন্তা বার্তা
জৈন্তাপুর উপজেলায় প্রায় ৪০ বছর ধরে মিষ্টি প্রিয় মানুষের রসনার স্বাদ যোগাচ্ছে স্থানীয় রমিজ মিয়ার খাঁটি দুধের ছানার তৈরী রসগোল্লা। জৈন্তাপুর উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ৪ নং বাংলাবাজার এলাকায় প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত খোলা স্থানে তিনি তার নিজের হাতে বানানো ছানার তৈরী রসগোল্লা বিক্রি করে থাকেন।
বৃহত্তর ৪ নং বাংলাবাজার এলাকায় ১ নং লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা রমিজ মিয়া (৬৫)। পেশায় একজন কৃষক রমিজ মিয়া কৃষি কাজের পাশাপাশি লক্ষ্মীপুর ও এর আশপাশের গ্রাম ডুলটিরপাড়, আমবাড়ী সহ বিভিন্ন প্রান্তিক খামারি থেকে দুধ সংগ্রহ করেন। তারপর সেই দুধ থেকে তিনি বাড়ীতে ছানা তৈরী করে সেই ছানা থেকে প্রস্তুত করেন মজাদার রসগোল্লা।
রমিজ মিয়ার সাথে আলাপকালে তিনি জৈন্তাবার্তা প্রতিবেদককে জানান, দেশ স্বাধীন হওয়ার ১০-১২ বছর পরে তিনি ৪ নং বাংলা বাজার এলাকায় প্রতিদিন রসগোল্লা বিক্রি করেন। তার তৈরী রসগোল্লার সাথে প্রচুর পরিমাণ মিষ্টি শিরা থাকায় এক সময় গোল পিঠার সাথে মানুষ রসগোল্লা খেতো। বর্তমানে শুননো রুটির সাথে রসগোল্লা তিনি বিক্রি করেন।
প্রতিদিন তিনি ২০ কেজি ছানার রসগোল্লা তৈরি করে বাজারের নিয়ে আসেন। এমন কোন দিন নেই যে রসগোল্লা অবিক্রীত হওয়ার কারণে বাড়ীতে ফেরৎ নিতে হয়েছে।
তিনি বলেন প্রতিদিন সকালের বিভিন্ন গৃহস্থর বাড়ী থেকে ২৫থেকে ৩০ লিটার পরিমাণ দুধ সংগ্রহ করতে হয়। এই সংগ্রহ করা দুধ গুলো শতভাগ দেশী গাভীর। তিনি আরও বলেন কয়েকবছর পূর্বেও বারো মাস দুধ সংগ্রহ করতে পারতাম। কিন্তু সম্প্রতি সময় দুধ পুরো বছর না পাওয়ায় বছরে দুইমাস মিষ্টি বিক্রি বন্ধ রাখতে হয়।
তিনি তার রসগোল্লা সম্পূর্ণ খাঁটি ও কোন প্রকারের কেমিক্যাল ব্যবহার করেন না বলে জানান। তার বাড়ীতে নির্মিত বড় লাকড়ির চুলার সাহায্যে রসগোল্লা প্রস্তুত করে থাকেন।
তার রসগোল্লা বিক্রির প্রথম জীবনে ১ টাকা প্রতি-পিছ রসগোল্লা বিক্রি করতেন। গত বছরও ছোট রসগোল্লা ৫ টাকা ও বড় সাইজ ১০ টাকা প্রতি-পিছ বিক্রি করেছেন। কিন্তু বর্তমানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে এখন প্রতি পিছ ১০টাকা করে বিক্রি করছেন।
রমিজ মিয়া জানান খাঁটি দুধের দুষ্প্রাপ্যতার কারণে রসগোল্লার ব্যবসাটা কঠিন হয়ে পড়ছে। তার রসগোল্লার মূল ক্রেতা হচ্ছেন দৈনিক বাজারে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
জৈন্তাপুর উপজেলা ঔষধ বিক্রয় প্রতিনিধি রায়হান হোসেন বলেন, কাজের সুবাদে জাফলং, নলজুরী, বাংলাবাজার, আশ্রয়ণ এলাকায় প্রতিদিন আসা হয়।সেই সুবাধে বিকেলে সন্ধ্যায় প্রতিদিন কলিগদের নিয়ে রমিজ ভাইয়ের মিষ্টি খেতে আসি। তার মিষ্টির মান খুবই ভালো এবং দিনের তৈরী মিষ্টি পরের দিন থাকার কোন সুযোগ নেই।
৪ নং বাংলা বাজার মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি ও বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল ও কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল বলেন ছোটকাল থেকে রমিজ ভাইয়ের দোকানে বাজার বসার সময় রসগোল্লা খেতে আসতাম। দীর্ঘ এই কয়েক দশকে রমিজ ভাই তার তৈরী রসগোল্লার মান ধরে রেখেছেন।
স্থানীয় বাসিন্দা ও ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, কিশোর বয়সে বাড়ীর জানালা দিয়ে দেখতাম রমিজ ভাই বিকেলে মিষ্টি নিয়ে আসছেন কিনা। তার হাতে বানানো এই রসগোল্লা মান একটুও কমেনি বরং স্থানীয় পর্যায়ে অনেক বড় বড় স্বনামধন্য মিষ্টির চেয়েও তার রসগোল্লার স্বাদ অনেক বেশী। ৪ নং বাংলা বাজারে প্রতিদিন জৈন্তাপুর উপজেলা ও এর আশপাশের অনেক মানুষ তার রসগোল্লা খেতে প্রতিদিন তার অস্থায়ী দোকানে এসে ভিড় করেন।
জৈন্তাবার্তা/জেএ




