শাবিপ্রবির বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ১১তম বার্ষিক প্রতিবেদন(২০২২-২৩ সেশন) প্রকাশ করা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের-১ এর সম্মেলন কক্ষে ২০২২-২৩ সেশনের বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
মোড়ক উন্মোচনকালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বার্ষিক প্রতিবেদন হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিচ্ছবি। এতে একটি বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের শিক্ষা কার্যক্রম, গবেষণা, অবকাঠামো, প্রশাসনিক কার্যক্রমসহ চলমান কার্যক্রমের সকল কিছু উল্লেখ করা থাকে। কিন্তু এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ২০১৭ সালের আগে মাত্র ২টি বার্ষিক প্রতিবেদন প্রকাশ হয়েছিল। তবে এখন নিয়মিত বার্ষিক প্রতিবেদন প্রকাশ হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা , শিক্ষকদের গবেষণা, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কাজসহ সবকিছু বিস্তারিত তুলে ধরা হয়েছে এ প্রতিবেদনে।এই প্রতিবেদন আমাদের বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থানকে প্রকাশ করে।
উপাচার্য আরও বলেন, বার্ষিক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল হয়। বিশ্ববিদ্যালয়ের সাফল্যের পাশাপাশি বিরাজমান সমস্যা ও দুর্বলতাগুলো চিহ্নিত করা সম্ভব হয়। ফলে আগামীতে কি কাজ করতে হবে তা জানা যায়। বছর ভিত্তিক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল রাখা সম্ভব হবে, তবেই বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে।
মোড়ক উন্মোচনকালে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন তৈরিতে ওয়েবসাইটে শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কিত সকল তথ্য আপডেট করার প্রতি পরামর্শ দেন প্রতিবেদন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিবেদন সম্পাদনা ও প্রকাশনা কমিটির সদস্য ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. চন্দ্রানী নাগ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. বেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান, ভারপ্রাপ্ত হিসাব পরিচালক সোহেল উদ্দিন আহমেদ, সম্পাদনা কমিটির সদস্য সচিব ডেপুটি রেজিস্ট্রার ড. এ. এম সালাউদ্দিন, সদস্য প্রিন্সিপাল ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার ড. খন্দকার মো. মমিনুল হক, উপ রেজিস্টার আ ফ ম মিফতাউল হক, কর্মকর্তা সমিতির নেতৃবৃন্দ।
জৈন্তাবার্তা/জেএ




