সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বাড়বে শীত
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বাড়বে শীত

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৭/১২/২০২৩ ০৫:৪১:৩৬ পূর্বাহ্ন

সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বাড়বে শীত

সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।


সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। শীত পড়া শুরু না হলেও বৃষ্টির কারণে শীতের আমেজ দেখা যাচ্ছে। সিলেটের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় মিগজাউম এর প্রভাবে সিলেটসহ বাংলাদেশে ঘূর্ণিঝড় আঘাত না হানলেও প্রকৃতিতে এর প্রভাব পড়েছে। ১০ ডিসেম্বরের পর থেকে শীত বাড়তে পারে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া বৃষ্টির দু’দিন পর আগামী রবি বা সোমবার থেকে সিলেটে অপেক্ষাকৃত বেশি মাত্রায় শীত পড়তে শুরু করবে।

এর আগে, আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, সিলেটের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আবার এ মাসে মাঝারি আকারে শৈত্যপ্রবাহেরও সম্ভাবনা আছে। আবহাওয়া অধিদপ্তর প্রতি মাসে দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেয়। ডিসেম্বরের পূর্বাভাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। তবে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজেছে সিলেটের রাস্তাঘাট। বৃষ্টির কারণে কিছুটা বিপত্তিতে পড়েন অফিসমুখী মানুষ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: