জৈন্তাপুর ডিবিরহাওড় বৃষ্টির কারণে ধান কাটা বন্ধ। ছবি: জৈন্তা বার্তা
সারাদেশে বুধবার থেকে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় মিগজিউমের কারণে গুঁড়ি গুঁড়ি আবার কোথাও থেমে থেকে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল শুক্রবার থেকে বৃষ্টির পরিমান কমে আসতে পারে।
এদিকে হেমন্তের মৌসুমে জৈন্তাপুর উপজেলায় বুধবার গভীর রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও সেই সাথে ঠান্ডা বৃদ্ধির কারণে জনসাধারণের মধ্য স্হবিরতা দেখা দিয়েছে।
অতিপ্রয়োজনীয় কোন বিশেষ কাজ না থাকলে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। এ দিকে সিলেট তামাবিল মহাসড়কে যানচলাচল স্বাভাবিক থাকলেও বৃষ্টির কারণে পরিমান কিছুটা কম। সবচেয়ে বেশী দূর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষেরা।
সরজমিনে দেখা যায় হালকা বৃষ্টির সাথে ঠান্ডা বৃদ্ধি পাওয়ায় উপজেলার ৪ নং বাংলাবাজার ও আলুবাগান এলাকায় স্টোন ক্রাশার মিলগুলোর অধিকাংশই বন্ধ। মিল মালিক সমিতির সভাপতি আবু সুফিয়ান বিলাল বলেন, একেতো বৃষ্টি তার উপর ঠান্ডার কারণে শ্রমিকের কাজ করতে শারীরিক সমস্যা হচ্ছে। অধিকাংশ মিল অর্ধদিবস চালিয়ে শ্রমিকদের পাওনা বুঝিয়ে বন্ধ রাখা হয়েছে।
এছাড়াও উপজেলার বালুমহাল ফেরীঘাট, সারিঘাট এলাকাতেও বালু উত্তোলন তুলনামূলক কম। পানিতে ভিজে বালু উত্তোলনের মত কাজ অতিরিক্ত ঠান্ডার কারণে শ্রমিকেরা করতে পারছে না।
এ ছাড়াও উপজেলার বিভিন্ন সংযোগ সড়ক ও এলজিইডি সড়কে রিক্সা ও ইজিবাইক চলাচল অর্ধেকে নেমে এসেছে।
এ দিকে অসময়ে বৃষ্টির কারণে জৈন্তাপুর উপজেলায় আমন ফসল কাটায় কিছুটা বেগ পেতে হচ্ছে কৃষকদের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জৈন্তাপুরের বরাত দিয়ে এখন পর্যন্ত উপজেলায় ৬৫% জমির ধান কেটে মাড়াই সম্পন্ন করা হয়েছে। বৃষ্টির কারণে অনেক জমিতে অস্হায়ীভাবে ধান মাড়াইয়ের ব্যবস্হা থাকলেও বৃহস্পতিবার সবখানে তা বন্ধ রাখা হয়েছে।
এদিকে জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামিমা আক্তার বলেন, দুএকদিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আমন ফসল তুলতে কিছুটা বিলম্ব হলেও ফসলের কোন ক্ষতি সম্ভাবনা নেই৷ তিনি জানান চলতি বৃষ্টিতে আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে বোরো ধানের বীজতলা গুলোর জন্য। গত মাস থেকে চলমান উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষক পর্যায়ে বোরো ধানের বীজ সরবরাহ করা হচ্ছে। এ ছাড়াও বৃষ্টির ফলে উপজেলার বিভিন্ন ইউনিয়নে চাষকৃত সরিষা, গম, ভুট্টা ও সূর্যমূখির চারার জন্য সুফল হয়েছে বলে তিনি জানান।
জৈন্তাবার্তা/জেএ




