অসময়ের বৃষ্টিতে আমন ধানের তলায় ও খলায় পানি, বিপাকে কৃষক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

অসময়ের বৃষ্টিতে আমন ধানের তলায় ও খলায় পানি, বিপাকে কৃষক

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৮/১২/২০২৩ ০২:৩৬:৪৩ পূর্বাহ্ন

অসময়ের বৃষ্টিতে আমন ধানের তলায় ও খলায় পানি, বিপাকে কৃষক

পানি নিষ্কাষণের চেষ্টা কৃষকের । ছবিঃ জৈন্তাবার্তা


বহুল প্রচলিত খনার বচন ‘যদি বর্ষে আগনে-রাজা যায় মাগনে। ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এর প্রভাবে গত কয়েকদিন ধরে দেশব্যাপী চলছে বৃষ্টি। এর প্রভাব পড়েছে সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। তিন দিনের গুড়ি গুড়ি বৃষ্টিতে পাকা আমন ধানের তলায় ও মাঠের খলায় জমেছে বৃষ্টির পানি। নিচু জমিগুলোতে বৃষ্টির পানি জমে শীতকালীন শাকসবজি, আমন ধান ও বোরো ধানের বীজতলার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সোনালী আমন ধান নিয়ে বিপাকে পড়েছেন উপজেলার কৃষকেরা। 

অগ্রহায়ণের শেষ সময়ে এমন বৃষ্টি খুব কমই দেখা যায়। বৃহস্পতিবার সারাদিন রাজধানীসহ প্রায় সারাদেশের আকাশ ছিল ধূসর মেঘে ঢাকা। সারাদিন ঝরেছে ঝিরঝিরে বৃষ্টি।কোথাও হালকা গুঁড়ি গুঁড়ি কোথায় ভারী বৃষ্টিতে যেন বর্ষাকাল। অসময়ের এ বৃষ্টিতে মাথায় হাত পড়েছে কৃষকের। ক্ষতি হচ্ছে পাকা আমন ধান ও শীতকালীন সবজিরও। এর আগেও গত ১৭ নভেম্বর ঘূর্ণিঝড় মিধিলির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন চাষিরা। ফলে বারবার দুর্যোগে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক।

গোয়াইনঘাটে মাঠে মাঠে চলছে পাকা আমন ধান কাটার ধুম। আবহাওয়া ভালো থাকায় অনেকেই ধান কেটে খলায় রেখেছেন আবার কেউ কেউ বাড়িতে নিয়ে গোলায় তুলেছেন। তবে এরই মধ্যে গত দু’দিন সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে কৃষকের কপালে।উপজেলার ১৩টি ইউনিয়নের অনেক কৃষকই এখনো ধান ঘরে তুলতে পারেননি। এতে অনেকেরই শুকনো ধান ভিজে গেছে। শেষ সময়ে কষ্টের ফলানো ধান ঘরে তোলা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁরা।

শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়,তিন দিনের বৃষ্টিতে আমন ধানের তলায় ও মাঠের খলায় এবং নিচু জমিতে পানি জমে গেছে।এমনকি স্থানীয় জাতের ধানগুলো মাটিতে পড়ে গেছে। কোথায় কোথাও কাটা ধানের মুঠ জমিনে পড়ে আছে। সকালে একটু সূর্যের আলো দেখায় খলায় জমে যাওয়া বৃষ্টির পানি সরাতে ব্যস্ত কৃষক কৃষাণীরা। 

কৃষকেরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় চলতি আমনের মৌসুমে আশানুরূপ ফলন হয়েছে। কয়েক দিন ধরে ফসল ঘরে তোলার কাজে ব্যস্ত ছিলেন কিষান-কিষানিরা। এ সময়ে আনন্দ আর উৎসাহ নিয়ে মাঠের অধিকাংশ ধান কেটে বাড়িতে নিয়েছেন তাঁরা। আবহাওয়া ভালো থাকলে ৩-৪ দিনের মধ্যে পুরো ধান ঘরে তোলার কাজ সম্পন্ন হতো। কিন্তু সে আশায় গুঁড়েবালি। টানা বৃষ্টিতে ভিজে গেছে অনেকের শুকনো ধান। এতে ক্ষতির শঙ্কায় রয়েছেন কৃষকেরা। ‘ইতিমধ্যে অনেকেই ধান বাড়িতে তুলেছেন। তবে কারও কারও ধান কাটার পর শুকানোর জন্য রেখে দিয়েছেন খেতে। আবার কেউ কেউ শুকনো ধানের মুঠো বেঁধে গাদা করে রেখেছেন। এ অবস্থায় বুধবার ও বৃহস্পতিবারের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দেখা দিয়েছে বিপত্তি। বৃষ্টিতে ভিজেই ধান কাটা, বাঁধা ও নেওয়ার কাজ করছেন কিষানিরা। এতে বেগ পেতে হচ্ছে। সময় লাগছে বেশি। আর বৃষ্টিতে ভিজে যাওয়ায় তা নষ্ট হওয়ার উপক্রমও হয়েছে।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়,এ বছর আবাদ হওয়া আমন ধানের ৭০ ভাগ ফসল এ পর্যন্ত কাটা হয়ে গেছে।৩০ ভাগ ফসল মাঠে রয়েছে। এখনো তেমন ক্ষতিগ্রস্ত না হলেও আরও কয়েক দিন এ অবস্থায় থাকলে তাঁরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: