সিলেটে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে কোনোই উদ্যোগ নেই ৫৩ বছরে।
* সকল স্মৃতি ও স্থান সংরক্ষণের দাবী ৩ বীর মুক্তিযোদ্ধার
সিলেটে অযত্ন অবহেলায় হারিয়ে যাচ্ছে মহান মুক্তিযুদ্ধের দূর্লভ স্মৃতি। সিলেট অঞ্চলে একাধিক স্থানে গণহত্যা সংঘটিত হয়েছে, একাধিক গণকবর রয়েছে। রয়েছে পাকিস্তানী মিলিটারীদের নির্মমতার নানা চিহ্ন সম্বলিত অসংখ্য স্থান। কিন্তু বিজয়ের তেপ্পান্ন বছরে সিলেটে একটি স্থানও সংরক্ষণ হয়নি। হয়নি মুক্তিযুদ্ধের স্মৃতি সৌধ বা বা কোনো স্মৃতিস্তম্ভ নির্মাণ। এ নিয়ে মুক্তিযোদ্ধাদের মাঝে রয়েছে নানা ক্ষোভ। আর এসব ক্ষোভের কথা দৈনিক জৈন্তা বার্তা’র কাছে তুলে ধরলেন সিলেটের কয়েকজন বীর মুক্তিযোদ্ধা।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সংঘটিত অনেক ঘটনার খবর সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। অনেক গ্রন্থে আছে হানাদারদের বর্বরতার নানা ইতিহাস। সেসব লেখনি আর মুক্তিযোদ্ধাদের বয়ানে উঠে এসেছে নানা ঘটনা, দিন তারিখ আর স্থানের কথা। ৪ নং সেক্টরে যুদ্ধ করেছেন বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ। তিনি জৈন্তা বার্তা’কে বলেছেন , সিলেটে শহীদ মিনার আছে অসংখ্যটি। আমরা শ্রদ্ধা জানাই শহীদ মিনারে। কিন্তু একটিও মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ বা স্তম্ভ নেই। এ বিষয়টি নিয়ে আমরা খুবই হতাশ। তিনি বলেন, জেলা আর অঞ্চলের কথা বাদ দিলাম। সিলেট নগর আর নগরের আশপাশে যেসব স্থানে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন রয়েছে সেগুলো সংরক্ষণে বাধা কোথায়? সরকার সহযোগিতা করছে। আমরাও আছি। তবু কেন হচ্ছেনা?।
এ প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭১ সালের মার্চ মাসের ২৮ তারিখে সিলেট নগরের আখালিয়ায় বর্তমান বিজিবি ক্যাম্পের সম্মুখে তুমুল লড়াই হয় পাকিস্তানি মিলিটারীদের সঙ্গে। এখানে ৩ জন মুক্তিসেনা শহীদ হন। জুন মাসে মুক্তিযোদ্ধারা সিলেট নগরের নাইওর পুলে রামকৃষ্জ মিশনের পাশে গ্রেনেড বিদ্যুতের সাব স্টেশন উড়িয়ে দেন। যাতে পাকিস্তানী মিলিটারীরা রাতের বেলা কোনো অপারেশন চালাতে না পারে। প্রথমেই বাধার সম্মুখিন হয়। তিনদিন বিদ্যুতহীন থাকার পর সিলেটে তারা আবার বিদ্যুত চালু করে। মুক্তি সংগ্রামীদের এই ঘটনা প্রথমেই সিলেটের মানুষের মনে আশার সঞ্চার করে।
৮ ডিসেম্বর সিলেট নগরীর দুবড়ির হাওরে ( বর্তমান উপশহর) মিত্র বাহিনী এসে অবস্থান নেয়। মুক্তি বাহিনীও তাদের সঙ্গে ছিল। এর মধ্যে সিলেটের শহীদ সুলেমান এখানেই জীবন দেন। এ ঘটনার সাক্ষী মুক্তিযোদ্ধা শেখ জালাল উদ্দিন এখনও বেঁচে আছেন। তাঁর কাছে অনেক তথ্যও রয়েছে। সিলেট নগরের কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছে একটি গণকবর রয়েছে।
বিজয়ের আগ মুহুর্তে ১০/১১ ডিসেম্বর গোলাপগঞ্জের বইটিকর বাজারে পাকিস্তানী মিলিটারীদের সঙ্গে তুমুল সংঘর্র্ষ হয় মুক্তি সেনাদের। ১৩ ডিসেম্বর কদমতলীতেও বড় ধরণের প্রতিরোধ যুদ্ধ সংঘটিত হয়। এখান থেকে পালিয়ে নগরে প্রবেশ করার মুহুর্তে পাকিস্তানি মিলিটারীরা ক্বিনব্রিজের একাংশ ধ্বংস করে দেয়। এধরণের অসংখ্য ঘটনার প্রত্যক্ষদর্শী স্বাক্ষীরা এখনও বেঁেচ আছেন। তাদের জীবদ্দশায় যদি এসব স্থানে কিছু করা না যায় তবে ভবিষ্যত প্রজন্ম কেমনে জানবে? মুক্তিযুদ্ধে খুব সহজে বিজয় আসেনি, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। এসব জানাতে সংশ্লিষ্ট সকল স্থানে ঘটনা উল্লেখপূর্বক স্মৃতি স্তম্ভ এবং সিলেটে আলাদা একটি মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ খুবই জরুরী। আর ভবতোষ রায় বর্মণের এ বক্তব্যের সঙ্গে একমত সিলেটের তিনজন খ্যাতনামা বীর মুক্তিযোদ্ধা। এরা হলেন সদর উদ্দিন চৌধুরী, মকসুদ ইবনে আজিজ লামা ও এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শুরুতে যিনি ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তিনি হলেন সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মকসুদ ইবনে আজিজ লামা। তিনি জৈন্তা বার্তাকে বলেন, শুধুই আমাদের সম্মান দিলে হবে না। আমাদের যেসব সহযোদ্ধা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে তাদের সম্মান দিতে হবে। মুক্তিযুদ্ধের স্মৃতি গুলো সংরক্ষণ করতে হবে। বিশেষ করে সিলেটে একটি স্মৃতি সৌধ নির্মাণ করা হোক এটি আমাদের দাবী।
বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন চৌধুরীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ৫৩ বছরে হয়নি। এখন কারা করবে। আমরা নিজেদের উদ্যোগে ৯৬ সালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার করেছিলাম। এরপর আর কেউ কি কিছু করেছে? আমি চাই মুক্তিযুদ্ধের সকল স্মৃতি চিহ্ন সংরক্ষণ করা হোক।
বীর মুক্তিযোদ্ধা প্রবীণ আইনজীবী মুজিবুর রহমান চৌধুরীরও দাবী সিলেটে একটি মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণকেন্দ্র গড়ে তোলা হোক। যেখান থেকে ভবিষ্যত প্রজন্ম মুক্তিযুদ্ধ চর্চার সুযোগ পাবে।
জৈন্তাবার্তা/জেএ




