সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ৭ মার্চ উদযাপন।
সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে আড়ম্বরপূর্ণভাবে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) কলেজ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মো. রোকনুজ্জামান খাঁন, পিএইচডি, এইসি। অনুষ্ঠানে উপাধ্যক্ষ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সহকারী শিক্ষক ইমাদুল ইসলামের সঞ্চালনায় সহকারী শিক্ষক মো. ইব্রাহিম কর্তৃক মহাগ্রন্থ আল-কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমেই ৭মার্চের ভাষণ ও বঙ্গবন্ধুর উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ২জন শিক্ষার্থী তাদের বক্তব্যে ঐতিহাসিক ৭ই মার্চের প্রেক্ষাপট ও গুরুত্ব নিয়ে আলেচনা করে, ২ জন শিক্ষকের আলোচনায় উঠে আসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি এবং বাঙালি জাতীর জাতীয় জীবনে এ ভাষণের গুরুত্বের কথা। এর পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি, নাটিকাসহ নানা আয়োজনে জাতির পিতার ৭মার্চের ভাষণ, তাঁর জীবন ও কর্ম, রাজনৈতিক জীবনে তাঁর ত্যাগ-তিতিক্ষার বিষয় ফুটে ওঠে।
৭ই মার্চ উপলক্ষ্যে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ প্রতিবছরের ন্যায় এবারও বঙ্গবন্ধুর ভাষণ, আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা, সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করে। প্রধান অতিথির ভাষণের পূর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেন প্রধান অতিথি অধ্যক্ষ লে. কর্নেল মো. রোকনুজ্জামান খাঁন, এইসি, পিএইচডি।
প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ বাঙ্গালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের সকল শহিদ, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহিদদের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। ৭ই মার্চ প্রসঙ্গে বলতে গিয়ে ঐতিহাসিক ৭ই মার্চের তাৎপর্য তোলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ এখন ইউনেস্কো স্বীকৃত বিশ্ব প্রামাণ্য দলিল, যাতে বাঙালি জাতির আশা-আকাঙ্খা ফুটে ওঠে ও মুক্তিকামী বাঙালির মুক্তি সংগ্রামের মাধ্যমে স্বাধীনতার পথ উন্মোচিত হয়। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ও মুক্তিযুদ্ধের চেতনা লালন করে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার মাধ্যমে দেশগঠনে ভূমিকা রাখার আহবান জানান। পরিশেষে অনুষ্ঠান আয়োজনে নিয়োজিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। সবশেষে সহকারী শিক্ষক নাজিম আল হাসানের দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
জৈন্তাবার্তা/জেএ




