ছবি:সংগৃহীত
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, স্কাউটরা দেশের সামাজিক ও জাতীয় বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষা, সমাজসেবা কিংবা জাতীয় যেকোনো আয়োজনে স্কাউটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠান সফল করতে সহায়তা করে। এ কারণে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্কাউটদের সম্মান ও মর্যাদা রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে সিলেট সিটি করপোরেশন ওপেন স্কাউট গ্রুপ আয়োজিত চতুর্থ বার্ষিক গ্রুপ স্কাউট ক্যাম্প ও দ্বিতীয় ফ্রেন্ডশিপ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ছাত্রজীবন থেকেই তিনি স্কাউটদের বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ দেখে আসছেন। যেকোনো সামাজিক বা জাতীয় আয়োজনে স্কাউটদের আগে আহ্বান জানানো হয়। তাঁরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আয়োজন সফল করতে সহযোগিতা করেন।
তিনি বলেন, স্কাউটিং শিশু-কিশোরদের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ বিকাশে সহায়তা করে। এ ধরনের ক্যাম্পে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন অভিজ্ঞতা ও প্রয়োজনীয় শিক্ষা অর্জন করবে, যা ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে।
সিসিক প্রশাসক ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, স্কাউট শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের ধন্যবাদ জানান। শিক্ষার্থীদের স্কাউটিং কার্যক্রমে উৎসাহিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
সিলেট সিটি করপোরেশনের সচিব মো. আশিক নূরের সভাপতিত্বে এবং সিলেট সিটি করপোরেশন ওপেন স্কাউট গ্রুপের সম্পাদক শিমুল চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিসিকের শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, শিক্ষা কর্মকর্তা ড. মো. তুতিউর রহমান, বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র দাশ এবং ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় ভূষণ ধর। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সড়কের কাজের মানে কোনো ছাড় নয়
এদিকে, একই দিন বিকেলে সিলেট সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের কামুশেনা এলাকা পরিদর্শন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি কামুশেনা সড়কের ঢালাই কাজের অগ্রগতি ও নির্মাণকাজের গুণগত মান পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি বলেন, নগরীর সড়ক উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে হবে। টেকসই ও দীর্ঘস্থায়ী সড়ক নির্মাণে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, নগরীর প্রতিটি ওয়ার্ডের সড়ক উন্নয়নে সিটি করপোরেশন কাজ করছে। এসব উন্নয়নকাজের সুফল যেন নগরবাসী দীর্ঘদিন ভোগ করতে পারেন, সে বিষয়টি বিবেচনায় রেখে নির্মাণকাজের মান নিশ্চিত করতে হবে। টেকসই উন্নয়নের লক্ষ্যে কামুশেনা সড়কটি আরসিসি পদ্ধতিতে নির্মাণ করা হচ্ছে। কাজের প্রতিটি পর্যায়ে নির্ধারিত মান বজায় রাখতে হবে।
এ সময় তিনি যথাযথ মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। এর আগে তিনি কামুশেনা মসজিদে নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, সহকারী প্রকৌশলী দেবব্রত তালুকদার, উপসহকারী প্রকৌশলী খায়রুল ইসলাম অপুসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




