দুইদিন না পেরোতেই আবারও সিলেট তামাবিল মহাসড়কে পিকনিকের বাস ও পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ বছরের এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ১০/১২ জন। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিহত ওই শিশুর নাম পরশ (৬)। সে ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার সালিহর থানার রাসেল মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার (৮ই মার্চ) বেলা ১:০০ ঘটিকার সময় সিলেটগামী পাথর বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রো - ট - ১৬- ৫৯৪৮) হরিপুর গ্যাসফিল্ড সংলগ্ন উমনপুর এলাকায় এলে মহাসড়কের ভাঙা থেকে রক্ষা পেতে রং সাইডে চলে গিয়ে জাফলংগামী পিকনিকের যাত্রীবোঝাই বাস (ময়মনসিংহ -ব- ১১-০২৪৩) এর মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি ময়মনসিংহ গৌরিপুর থেকে সিলেটে এসেছিলো। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম। তিনি জানান ঘটনাস্থলে পুলিশ,হাইওয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
জৈন্তাবার্তা/এমকে




