হকারদের পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধনকালে বক্তব্য রাখছেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, অনেকে তাদের হকার বলেন কিন্তু আমি তাদের ক্ষুদ্র ব্যবসায়ী বলি। তারা ছোট ছোট ব্যবসা করে পরিবার পরিজন নিয়ে জীবনযাপন করেন। তারা চুরি-ডাকাতি করেন না। এজন্য তাদেরকে সম্মানের চোখে দেখতে হবে। তারা আমাদের ভাই, আমাদের পরিজন। তাদের সহযোগিতা করতে হবে।
রবিবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টায় নগরভবন লাগোয়া লালদিঘির পাড়ের মাঠে অস্থায়ী মার্কেটে পুনর্বাসন কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আমি এই মাটির সন্তান। এই শহরের আলো-বাতাসে আমি বেড়ে উঠেছি। বিগত নির্বাচনে আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, তার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না।
মেয়র বলেন, আমি নির্বাচনের সময় হকার সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলাম। আজ তা বাস্তবায়ন করতে যাচ্ছি। পর্যায়ক্রমে নগরবাসীর বাকী সমস্যারও সমাধান করা হবে। এজন্য তিনি নগরবাসীর অব্যাহত সহযোগিতা কামনা করেন।
ক্ষুদ্র ব্যবসায়ীদের উদ্দেশ্যে মেয়র বলেন, এই মার্কেট শুরু করেন। আমি নিজে আজ থেকে এখান থেকে বাজার করবো। আমার সিসিকের আড়াই হাজার স্টাফ এখান থেকে বাজার করবে। আপনারা আমার প্রতি বিশ্বাস রাখেন। এই মার্কেট হবে সিলেট সিটির বড় মার্কেট। এই মার্কেট জমানোর দায়িত্ব আমার। আপনারা শুধু ক্রেতাদের সাথে সুন্দর আচরণের মাধ্যমে তাদের মন জয় করেন, তবেই এখানে ক্রেতারা আসবে। ক্রেতারা আসলে ব্যবসা ভালো হবে। পরিবার-পরিজন নিয়ে চলতে পারবেন। তিনি এই মার্কেটের প্রচারসহ যতো ধরণের সহযোগিতা প্রয়োজন তা সিটি করপোরেশনের পক্ষ থেকে করার ঘোষণা দেন। তাছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের সকল দাবি পূরণ করার সর্বাত্মক চেষ্টা করবেন বলে আশ্বাস দেন মেয়র।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, কাউন্সিলর শান্তুনু দত্ত শন্তু, আব্দুল মুহিত জাবেদ, কাউন্সিলর শাহানা বেগম শানু, ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আব্দুর রকিব।
এ সময় উপস্থিত ছিলেন, তোফায়েল আহমদ শেপুল, ফজলে রাব্বি মাসুম, জয়নাল আবেদীন, রুহেনা আক্তার মুক্তা, আওয়ামী লীগ নেতা মিসবাউর রহমান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিজয় কুমার দেব ভুলু প্রমুখ।
অনুষ্ঠান শেষে মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী মার্কেট পরিদর্শন এবং কয়েকটি দোকান থেকে কিছু কেনাকাটা করেন।
এ সময় সিসিকের জনপ্রতিনিধি, বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী ও হকাররা উপস্থিত ছিলেন।
জৈন্তাবার্তা/জেএ




