নিহত যুবক আইয়ুব আলী।
চোরাই পথে অবৈধভাবে ভারতের কয়লা গোহা থেকে কয়লা আনতে গিয়ে পাথর চাপায় সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের আইয়ুব আলী (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামের বাসিন্দা মজনু মিয়ার বড় ছেলে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর রাতে ১১৯৯ আন্তর্জাতিক পিলার ভারতের মেঘালয়ের ৪ নাম্বার নামক এলাকায় ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জামাল মিয়া এর সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানাযায়, উপজেলার রজনী লাইন গ্রামের আইয়ুব আলী (২৪)সহ ১০-১৫ জনের একটি দল সেহেরি খাওয়ার আগেই স্থানীয় চিহ্নিত চোরা- কারবারিদের প্ররোচনায় ভারতের ১১৯৯ আন্তর্জাতিক পিলার বড়ছড়া বিজিবি ক্যাম্পের বুরুংগা ছড়া এলাকা অতিক্রম করে ভারতের মেঘালয়ের ৪ নাম্বার এলাকায় কয়লা কোয়ারীতে যায়। কয়লা কোয়ারীর ভেতর থেকে কয়লা নিয়ে বের হয়ে আসার সময় উপর থেকে মাথায় পাথর পরে ঘটনাস্থলেই নিহত হয়।
এসময় সাথে থাকা সহযোগিরা তাকে উদ্ধার করে বাংলাদেশ সীমান্ত নিহতের বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি ও তাহিরপুর থানার সদস্যরা নিহতের বাড়ি থেকে লাশ উদ্ধার করে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, বুরুংঙ্গাছড়া, বড়ছড়া, চারাগাও, বাঁশ তলা, জঙ্গলবাড়ি, কলাগাও, বাগলী সীমান্তের চিহ্নিত চোরাচালানীদের কারণে একের পর এক যুবকের মৃত্যু হচ্ছে ভারতের কয়লা গোহায়। এই সব চোরাচালানীরা বলে বেড়ায় তাদের একজন গড ফাদার রয়েছে সে সাংবাদিক, পুলিশ, বিজিবি, র্যাব ও ডিবিসহ সবাইকে ম্যানেজ করে অবৈধভাবে ভারতে পাঠাচ্ছে। আর ওইসব যুবকরা টাকার লোভে জীবনের ঝুঁকি নিয়ে সীমান্তের চোরাই পথে অবৈধভাবে কয়লাসহ বিভিন্ন ভারতীয় পণ্য আনার জন্য ভারতে যায়। গত দুই বছরের ব্যবধানে কয়লা আনতে গিয়ে ৫ জনের বেশি নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জামাল মিয়া জানান, নিহতের পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত আইয়ুব আলী পরিবারের সবার বড় ছিল।
এ বিষয়ে সংশ্লিষ্ট ট্যাকেরঘাট বিজিবি ক্যাম্পের সরকারি ফোন নম্বরে ও ২৮ বিজিবির অধিনায়ককে সরকারি মোবাইল নম্বরে ফোন দিলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীন নিহতের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সুরতহাল প্রতিবেদন তৈরি করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জৈন্তাবার্তা/জেএ




