ছবি:সংগৃহীত
মনের অসুরত্ব দূর করে জ্ঞান, আলো ও শুভশক্তির বিকাশের মধ্য দিয়ে আলোকিত ও সুন্দর সমাজ গঠনের প্রত্যয়ে সিলেট নগরীর চালিবন্দর মহাশ্মশানঘাটে উদযাপিত হয়েছে দীপাবলি উৎসব।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অন্ধকার ও অজ্ঞতার বিপরীতে জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে। সমাজ থেকে অন্ধকার ও অজ্ঞতা দূর হয়ে আলোকিত সমাজ প্রতিষ্ঠিত হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
মহাশ্মশান কমিটির সভাপতি অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস ও রামকৃষ্ণ মিশন সিলেটের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ।
এ সময় উপস্থিত ছিলেন মহাশ্মশান কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মলয় পুরকায়স্থ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট বিজয় কুমার দেব, বিভাস শ্যাম যাদন, অরিন্দম দত্ত চন্দন, রাখাল দে, কোষাধ্যক্ষ চন্দন দাশ, দীপক কুমার দাস, হারাধন দে প্রবাস, যিশুকৃষ্ণ দেব জনি, উত্তম ঘোষ ও অরুণ বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে সিলেটের সনাতন ধর্মাবলম্বীরা মহাশ্মশান প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে দীপাবলি উৎসবে অংশ নেন।
পরে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরীর সাগরদিঘির পাড়ে মণিপুরী মহাশ্মশানঘাটে আয়োজিত দীপাবলি উৎসবেরও উদ্বোধন করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




