ছোটবেলায় রূপকথার গল্পে শোনা যেত, আগেকার দিনে পিতলের কলসিতে কাঁচা টাকা রাখার কথা। রূপকথার গল্পের মতোই ২০০ বছরের পুরনো পিতলের কলসির খোঁজ মিলেছে সুনামগঞ্জের গৌরারং জমিদারের বংশধর অঞ্জন চৌধুরীর বাড়িতে। সঠিক রক্ষণাবেক্ষণ ও যত্ন করে রাখায় কলসিগুলো এখনো চকচক করছে। প্রতিটি কলসির ওজন ৪ থেকে ৫ কেজি হবে। কলসিগুলো খাঁটি পিতলের হওয়ায় এখনো নতুনের মতোই দেখায়। শুধু কলসি নয়, জমিদারের বংশধর অঞ্জন চৌধুরী সংরক্ষণ করে রেখেছেন সে সময়কার পালন করা হাতির দাঁত, শিকার করে আনা হরিণের সিং প্রভৃতি।
জমিদার বাড়িটি সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নে অবস্থিত। জানা যায়, জমিদারি আমলে প্রজাদের খাজনার কাঁচা রুপার টাকা রাখার জন্য ব্যবহার করা হতো ছোট-বড় পিতলের কলসি। পিতলের কলসিতে রুপার টাকা রাখা নিরাপদ। টাকার রং ও গুণগত মান অক্ষুণ্ন থাকত। এসব কলসি ভরে রুপার টাকা সংরক্ষণ করা হতো দরজা-জানালাবিহীন অন্ধকারাচ্ছন্ন চুন-সুড়কি নির্মিত ছোট্ট কুঠুরিতে, যা টাকশাল নামে পরিচিত ছিল। সেখানে জমিদারদের বংশধর ও পরিচালনাকারী ব্যক্তি ছাড়া অন্য কারো প্রবেশাধিকার সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। কুঠুরিতে সারিবদ্ধ করে সাজিয়ে রাখা হতো অসংখ্য টাকার কলসি। এসব কলসি ভারতের রাজস্থান থেকে জমিদাররা অর্ডার দিয়ে তৈরি করিয়ে আনতেন।
ইংরেজদের খাজনা দিতে, বাড়ির উৎসব অনুষ্ঠানসহ অন্যান্য কাজের জন্য টাকশাল থেকে কলসি বের করে মূল্য পরিশোধ ও অন্যান্য খরচাপাতি করা হতো। এছাড়া বছরে একবার জমিদার বাড়ির প্রধান ফটকসহ সব প্রবেশদ্বার বন্ধ করে বাঁশের চাটাইয়ের ওপর কাঁচা টাকায় রোদ লাগাতেন জমিদাররা, যাতে একটি টাকার সঙ্গে আরেকটি টাকা জোড়া লেগে বিকৃত না হয়। সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত চলত টাকা শুকানোর কাজ। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এ কাজ করতেন জমিদারের বংশধর, অনুগত ও বিশ্বস্তজনরা। কথিত রয়েছে, সূর্যাস্তের পর কেউ সেখানে যেতে পারত না।
জমিদার বাড়ির বংশধর অঞ্জন চৌধুরী তার বাসায় সংরক্ষণ করে রেখেছেন ২০০ বছরের পুরনো কাঁচা টাকা রাখার এমনই দুটি কলসি। তিনি বলেন, কলসিগুলো সঠিক যত্নের অভাবে একসময় কালচে রং ধারণ করেছিল। পরে আমি কলসি দুটি সিলেট থেকে ৪ হাজার টাকা দিয়ে পরিষ্কার করিয়ে এনে বাসায় সংরক্ষণ করেছি।
কলসি দুটোর প্রত্নতাত্ত্বিক মূল্য এবং বর্তমান মূল্য লাখ টাকার ওপরে হবে।
জৈন্তাবার্তা/এমকে




