আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জৈন্তাপুরে পোষাক, জুতা, প্রসাধনী সহ নিত্যপ্রয়োজনীয় পন্যের শোরুমে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন বিক্রেতাগণ। তবে ঈদ এখনো ১০/১১ দূরে থাকায় কাঙ্খিত ক্রেতাদের উপস্থিতি এখনো কম। তবে ২৫ রমজান পরে ক্রেতা উপস্থিতি ও ব্যবসায়ীদের ব্যাস্ততা বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মুসলিম উম্মাহের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব হওয়ায় পবিত্র ঈদুল ফিতর উচ্চ,মধ্যবিত্ত এমন কি নিম্ম আয়ের সকল শ্রেনীর মানুষ তাদের সাধ্যমত ঈদের পোষাক ক্রয় করে থাকেন।
সরজমিনে জৈন্তাপুর সদরে গিয়ে দেখা যায় উপজেলার স্টেশন বাজার থেকে ফতেহ খাঁ রোড হয়ে বড়পুকুড় পাড় ধরে পূর্ব বাজার পর্যন্ত অসংখ্য পোষাক, জুতা ও কসমেটিকস এর শোরুমকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। রাতের সময় আলোকসজ্জা দেখলে বুঝা যায় উৎসব অতি সন্নিকটে।
উপজেলার আলম ম্যানশন, সিরাজউদ্দীন মার্কেট,জৈন্তা প্লাজা, মদীনা মার্কেট,আবির টাওয়ার, এ কে টাওয়ার, তমাল মার্কেট, শাজাহান মেম্বার মার্কেট সহ উপজেলার অন্যসব বিপনি বিতান গুলোয় এখন পার করছে ঈদের আমেজ।
উপজেলার বড়পুকুড়পাড় এলাকার সিস্টার্স শপিং এর সত্ত্বাধিকারী ইসমাইল হোসেন বলেন, তার প্রতিষ্ঠানে এ বছর শিশু ও নারীদের পোষাকের ২০২৪ এর সকল কালেকশন রয়েছে। সেই সাথে উন্নতমানের সকল প্রসাধনীর সম্ভার আছে ক্রেতাদের জন্য। ক্রেতাদের উপস্থিতি তুলনামূলক কম হলেও দিন যত এগোতে থাকবে ব্যাস্ততা তত বাড়বে বলে তিনি জানান।
মদীনা মার্কেটের জেন্টস গ্যালারীর সত্ত্বাধিকারী সোহেল আহমেদ বলেন এ বছর তার শোরুমের আয়তন বৃদ্ধি করা হয়েছে। এ শোরুমে পুরুষ ও ছেলেদের সকল ধরণের পোষাকের কালেকশন রয়েছে বলে জানান তিনি। তিনি আরো বলেন এখন থেকে মান সম্পত পোষাকের জন্য সিলেট নগরীতে না গিয়ে জৈন্তাপুর উপজেলা সদরে বাংলাদেশের বিভিন্ন গার্মেন্টস এর তৈরী পোষাকের পাশাপাশি ভারতীয় ও চায়না নামিদামী ব্রান্ডের পোষাক জৈন্তাপুরে বসেই কিনতে পারবেন।
আলম ম্যানশনে জৈন্তাপুর উপজেলার অন্যতম বৃহৎ শোরুম ফাইন টাচ্ এর সত্ত্বাধিকারী ইয়াহিয়া আলম রাহী বলেন, তার শোরুমে পুরুষ, নারী,শিশুদের পোষাকের পাশাপাশি সকল ধরণের উন্নতমানের দেশী বিদেশি জুতার কালেকশন রয়েছে। তিনি জানান পবিত্র ঈদ উপলক্ষে কোন কোন পন্যে ৫-১০ শতাংশ ছাড় দিবে তার প্রতিষ্ঠান। সেই সাথে চাঁদরাত পর্যন্ত এই অফার থাকবে বলে তিনি জানান।
এদিকে পোশাকের কালেকশনের পাশাপাশি বিভিন্ন জুতার দোকান ও কসমেটিকের দোকান প্রস্তত করা হয়েছে ঈদ বাজারে। উপজেলার অন্যতম বৃহৎ প্রসাধনীর শোরুম আজওয়া কসমেটিকস এর সত্ত্বাধিকারী কামরান চৌধুরী বলেন, আনন্দের কথা হচ্ছে পোষাক, জুতা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির সাথে পাল্লাদিয়ে বাড়লেও কসমেটিকস এর ক্ষেত্রে ভিন্ন। তিনি বলেন গত বছর যেমন দামে কসমেটিকস ক্রেতারা কিনেছেন এ বছরও দামে কোন তারতম্য নেই। তিনি বলেন তার প্রতিষ্ঠানে দেশের স্বনামধন্য কম্পানীর মেহেদীর কালকশন এবারও রাখা হয়েছে সেই সাথে থাকছে ডিসকাউন্ট অফার।
এদিকে পবিত্র ঈদুল ফিতরের দিন যত ঘনিয়ে আসবে বাড়তে থাকবে ঈদ কেনাকাটার ব্যস্ততা। ব্যস্ততম এই সময়টায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিছু নির্দেশনা প্রদান করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
এ বিষয় জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম বলেন, ঈদ কেনাকাটার ব্যস্ততম সময়ে যে কোন অপ্রতিকর পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রয়েছে মডেল থানা পুলিশ। তিনি জানান পুলিশের পক্ষ থেকে জৈন্তাপুর সদর এলাকা ছাড়াও উপজেলার প্রত্যেকটি মার্কেট মনিটরিং এ রাখা হয়েছে। সেই সাথে তিনি ঈদের শপিং করতে আসা সকল অভিভাবকদের সাথে থাকা শিশু সন্তানদের প্রতি নজর রাখার আহবান জানিয়েছেন। তারা অপরিচিত কোন ব্যাক্তির সানিন্ধ্যে না আসেন এবং পরিস্থিতি মোকাবেলায় পুলিশের সহায়তা নিতে প্রয়োজনে জরুরি নাম্বার ৯৯৯ থেকে সেবা নেয়ার আহবান জানান।
সেই সাথে তিনি সকল বিক্রেতাদের পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা করে ব্যাবসা পরিচালনা ও ক্রেতাদের সাথে সৌজন্যমূলক আচরণ করার জন্য অনুরোধ করেন। পাশাপাশি প্রতিটি শো রুমে স্হাপিত সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশনা প্রদান করেছেন।
জৈন্তাবার্তা/এমকে




