জৈন্তাপুর সদরে যানজট নিরসনে ইতিমধ্যে স্টেশন বাজার রাজবাড়ী মাঠ বাইপাস সড়ক আলোর মুখ দেখতে শুরু করেছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদের ঐকান্তিক প্রচেষ্টার ফসল এই বাইপাস সড়কের জমিসংক্রান্ত সমস্যাদির সিংহাভাগ সমাধান শেষে এই সড়কটি নির্মাণকাজ এখন সময়ের অপেক্ষায়।
বিশেষ করে চ্যালেঞ্জিং এই প্রকল্পে বাস্তবায়নে এলাকার ব্যবসায়ী,দোকান মালিক, বসত-ভিটার মালিক তাদের স্থাপনা সমূহ মহতী এই কাজের জন্য ছাড় দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য জৈন্তাপুর মডেল থানার দেয়ালের কিছু অংশ অপসারণ করে এই রাস্তা নির্মাণে সহায়তা করেছে জেলা পুলিশ।
এদিকে যানজট নিরসনের পাশাপাশি জৈন্তাপুরের অন্যতম ব্যস্ততম ও জনগুরুত্বপূর্ণ এলাকা বড় পুকুর পার সংরক্ষণে পরিকল্পনার কথা জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমেদ।
শনিবার ( ৩০ মার্চ) বেলা ১১:০০ ঘটিকায় তিনি সরেজমিনে বড় পুকুর পারের চারপাশ এলাকা অবৈধ উচ্ছেদ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন।
এ সময় তিনি দৈনিক জৈন্তাবার্তা প্রতিবেদককে সাথে আলাপকালে জানান, জৈন্তাপুর সদরের একটি ঐতিহ্য লালন করে আছে এই বড় পুকুর। বেশ কয়েক বছর আগে এর চারপাশ দখলমুক্ত করা হলেও ধীরে ধীরে তা আবার দখল হয়ে যায়। বিশেষ করে অস্থায়ী কিছু দোকান বসে এবং দোকান তুলে নেয়ার পর উচ্ছিষ্ট অংশ গুলো পুকুরে ফেলা হয়। সেই সাথে রাতে আধারে পুকুরে ময়লা আবর্জনা ফেলে পুকুরের পরিবেশ দূষিত করা হচ্ছে।
এ কারণে পুকুরের পরিবেশ ও অবৈধ দখল রোধে উপজেলা পরিষদের পক্ষ থেকে এর চারপাশে নান্দনিক ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।
তিনি জানান জৈন্তাপুর সদর এলাকায় যতদিন যাচ্ছে মানুষের জীবনযাত্রায় নগরায়ণের ছোঁয়া লাগছে। সিলেট নগরীর ব্যস্ততম জীবন যাত্রায় বিকেলে একটু অবকাশ যাপনের জন্য মুখ্য ভূমিকা রাখছে সার্কিট হাউস সংলগ্ন সুরমা তীরবর্তী ওয়াকওয়ে এবং সম্প্রতি খুলে দেয়া ধোপাদিঘির পার ওয়াকওয়ে।
তিনি বলেন বিগত কয়েক বছরে জৈন্তাপুর সদরে অনেক গুলো বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। একটি ভবনের কোন ফ্ল্যাট বাসা খালি নেই। কারণ উপজেলা সদর হওয়ায় বর্তমানে বাসা বাড়ির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এর মধ্যে সকল সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি, এনজিও, বিভিন্ন কোম্পানিতে কর্মরত চাকরিজীবীদের বসবাসের কারণে জৈন্তাপুর সদরের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
এছাড়াও সরকারি স্কুল ও সরকারি মহিলা কলেজ, কারিগরি কলেজ থাকায় দূরের অনেক বাসিন্দা বাসা ভাড়া করে উপজেলা সদরে থাকছে যা ভবিষ্যতে আরো বাড়বে।
ভবিষ্যতে জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়ণের কথা চিন্তা করে মানুষের অবকাশ যাপন ও অবসর সময় পার করার জন্য এই ওয়াকওয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন। তিনি বলেন এতে করে পুকুরের দূষণ কমবে ও এলাকায় একটি নান্দনিক পরিবেশ সৃষ্টি হবে।
ওয়াকওয়ের কোন ক্যাটাগরির হবে এই প্রশ্নের জবাবে কামাল আহমেদ বলেন, পুকুরের চারপাশের সৌন্দর্য উপভোগ করতে পারবে এই দৃষ্টিকোণ থেকে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। তাছাড়া ওয়াকওয়ের নিকট বসার জন্য স্থায়ী আসন ও ফুডকার্ট, ফুড কর্নার, ফাস্টফুড কর্ণারের ব্যবস্থা রাখার পরিকল্পনার কথা জানান তিনি। এ ছাড়াও বর্তমানে চলমান বড় পুকুর পাড় থেকে শেখ রাসেল মিনি স্টেডিয়াম পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণের ফলে এর নান্দনিকতা আরো বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন।
জৈন্তাবার্তা/এমকে




