ফাইল ছবি
সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান। দুইজনই অন্তত ১৫-২০টি মামলায় কারান্তরীণ সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের দুই নেতা। বিরোধী দলের আন্দোলনে সিলেটে যেসব নেতাকর্মী কারান্তরীণ ছিলেন তাদের মধ্যেও এই দুই নেতাও অন্তর্ভুক্ত। তবে, অন্যান্যরা জামিন পেলেও তাদের এখনো জামিন হয়নি।
বিরোধী রাজনীতিতে তারা দু’জনই সিলেটে সর্বোচ্চ মামলার আসামি।
দলীয় সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে এজাহারভুক্ত অন্তত ১৫টি করে মামলা রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায়। আর অজ্ঞাতনামা হিসেবে আরো কয়েকটি মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখানো হয়েছে। সব মিলিয়ে মামলার সংখ্যা একেক জনের বিরুদ্ধে ২০টির মতো বলে জানা গেছে।
গেল ১৮ মার্চ ছাত্রদল নেতা আহসানের সবক’টি (১৯টি) মামলায় জামিন মঞ্জুর হলে তাকে শুভেচ্ছা জানাতে দলীয় নেতাকর্মীরা যান সিলেট কেন্দ্রীয় কারাগারে। কিন্তু পরে তারা জানতে পারেন পুরনো একটি মামলার জটিলতায় তার মুক্তি হচ্ছে না।
গেল আন্দোলনে সিলেটে যেসব নেতাকর্মী কারান্তরীণ ছিলেন তাদের প্রায় সবাই এখন মুক্ত। কিন্তু এই দুই ছাত্রনেতার মুক্তি এখনো হয়নি। দু’জন যেভাবে রাজপথে একইসঙ্গে পিকেটিং করছিলেন এখন একই সঙ্গে জেল খাটছেন। সিনিয়র নেতাদের মধ্যে সর্বশেষ গেল সপ্তাহে জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল মুক্তি লাভ করেন। গত ২৯ নভেম্বর নগরের কুমারপাড়া এলাকা থেকে আহসানসহ চারজনকে গ্রেফতার করেছিল কোতোয়ালি মডেল থানা পুলিশ।
অন্যদিকে, জেলা ছাত্রদল সেক্রেটারি দেলোয়ার হোসেন দিনার পুলিশের গ্রেফতার এড়িয়ে চললেও নির্বাচন শেষে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন পেয়েছিলেন। জামিন শেষ হলে গেল ১৪ মার্চ সিলেটের আদালতে আত্মসমর্পণ করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ ব্যাপারে মামলা পরিচালনাকারী অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন জানিয়েছেন, কারাগারে আটক থাকা এই দুই নেতা ১৫ থেকে ১৬টি মামলার আসামি। তাদের জামিনের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আশা করা যাচ্ছে দ্রুত জামিন পাবেন তারা।
জৈন্তাবার্তা/জেএ




