জেলার ‘মুক্তিযোদ্ধা স্কুল’ নামে পরিচিত মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল—খসরু হাই স্কুল। দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এই স্কুলটি অবস্থিত। ভারতের মেঘালয়ের পাদদেশে পূর্বের পাকিস্তান বাজারের নাম পরিবর্তন করে মহান মুক্তিযুদ্ধের সময় বীর জনতা নামকরণ করেন বাংলাবাজার। এই বাজারের পাশে স্কুলটি। ভারত থেকে নেমে আসা খরে¯্রাতা খাসিয়ামারা নদী তীরে স্কুলটির অবস্থান। স্কুলটি বর্তমানে আলো ছড়াচ্ছে প্রত্যন্ত অঞ্চলের অজপাড়াগাঁ সহ পুরো উপজেলা জুড়ে।
জানা যায়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নিতে পাকিস্তানের করাচির সেনানিবাস থেকে পালিয়ে আসেন বাঙালি ক্যাপ্টেন এ এস হেলাল উদ্দিন। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি আতাউল গণি ওসমানীর নির্দেশে ৫ নম্বর সেক্টরের সেলা সাব সেক্টর বাঁশতলায় কমান্ডার হিসেবে যোগদান করেন। তিনি বীর মুক্তিযোদ্ধাদের কাছে ক্যাপ্টেন হেলাল নামেই পরিচিত ছিলেন। সেলা সাব—সেক্টর ছিলো ছাতক—দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত। যুদ্ধকালীন ক্যাপ্টেন হেলালের বীরত্বগাথা মুক্তিযুদ্ধের ইতিহাসে গৌরবের সাথে স্থান করে নিয়েছে। অনেকটাই রাস্তা—ঘাটবিহীন জনবিচ্ছিন অবহেলিত এবং শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিলো এই জনপদ। দীর্ঘ নয় মাসের যুদ্ধ শেষে যৌবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের সাথীদের ভুলেননি ক্যাপ্টেন হেলাল। তিনি তার যুদ্ধদিনের সাথী বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরুকে নিয়ে স্কুলের পরিকল্পনা করেন।
যেভাবে হলো স্কুলের সূচনা
বজলুল মজিদ চৌধুরী খসরুর গ্রামের বাড়ি দোয়ারাবাজারের লক্ষীপুর গ্রামে। তিনি ছিলেন এই গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তাঁর মা মজিদা খাতুন চৌধুরীর দানকৃত এক একর জায়গা এবং ক্যাপ্টেন হেলালের ৬ লক্ষ টাকা অর্থায়নে ১৯৯৬ সালে গড়ে তুলেন মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল খসরু হাই স্কুল। প্রথমে ৪ কক্ষ বিশিষ্ট পাকা দেয়ালের টিনসেড স্কুল ঘর এবং আলাদা বাথরুম নির্মাণ করা হয়। শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্বেও একই গ্রামের বিএ (সম্মান) পাশ করা যুবক গুলজার আহমেদ প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন। অদম্য ইচ্ছাশক্তি নিয়ে কাজে নামেন স্কুলে শিক্ষার্থী নিয়ে আসার। তিনি তার সহকারী শিক্ষক প্রথমে মোস্তফা কামাল পরে আলী আকবর, আতাউর রহমানকে সাথে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে ৩৫ জন শিক্ষার্থী সংগ্রহ করেন। তখন অফিস সহকারী কোহিনূর বেগম ও দপ্তরী আক্কাস মিয়া তাদের সহযোগি হিসেবে সার্বক্ষণিক পাশে ছিলেন। পারিবারিক শত টানাপূরণের মাঝেও এই ছয় জন শিক্ষক—কর্মচারি ১৯৯৬ সাল থেকে চার বছর বিনা বেতনে শিক্ষার্থীদের পড়শোনা করানোর মহান দায়িত্ব পালন করেন। বিএসসি শিক্ষক পদে সংকট দেখা দিলে শিক্ষক হিসেবে যোগদান করেন স্কুলের প্রতিষ্ঠাতা বজলুল মজিদ চৌধুরী খসরুর সহধর্মিনী মুনমুন চৌধুরী। ১৯৯৬ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত এই স্কুলে জুনিয়র স্কুল হিসেবে অষ্টম শ্রেণী পর্যন্ত কার্যক্রম পরিচালিত হয়। ২০০৪ সালে স্কুলটি মাধ্যমিক স্কুলের স্বীকৃতি লাভ করে। এই স্কুলটি ২০০১ সালে জুনিয়র এবং ২০১৯ সালে মাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্ত হয়।
স্কুলের অবকাঠামোগত উন্নয়ন
১৯৯৬ সালের পর ২০০৬ সালে ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্ট ৩ কক্ষ বিশিষ্ট একতলা ভবন নিমার্ণ করে দেয়। ২০১৬ সালে সেকায়েক কতৃর্ক একটি শ্রেণী কক্ষ নির্মাণ করে দেয়া হয়। এতে বজলুল মজিদ চৌধুরী খসরু ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। এই বছরই বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের পড়শোনা করার জন্য একটি লাইব্রেরি কক্ষ নির্মাণ করা হয়। ২০১৯ সালে ক্যো্প্টন হেলালের অর্থায়নে ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্ট ভবনের উপরে ১০ লক্ষ টাকা ব্যয়ে টিনের চাউনী দিয়ে হাফ বিল্ডিং নির্মাণ করা হয়। ২০২২ সালে সরকারিভাবে ১৭টি ল্যাপটপ ও ৫৬ ইঞ্চি ১টি স্মার্ট টিভি নিয়ে শেখ রাসেল কম্পিউটার ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়। এভাবেই স¤প্রসারিত হয়ে বর্তমানে ১টি শিক্ষক মিলনায়তন, ১টি প্রধান শিক্ষকের অফিস কক্ষ, ১টি লাইব্রেরি কক্ষ, ১টি শেখ রাসেল কম্পিটার ল্যাবসহ মোট ১০টি কক্ষ রয়েছে। বর্তমানে সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে তিনতলা বিশিষ্ট আরো একটি বিল্ডিং এর কাজ প্রক্রিয়াধীন রয়েছে। প্রতি বছর মুক্তিযোদ্ধা সন্তানদের সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান ক্যাপ্টেন হেলাল শিক্ষা ট্রাস্টের ব্যাংকে জামাকৃত স্থায়ী আমানতের লভ্যায়েংশের ২০শতাংশ অর্থ স্কুলের অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হয়।
স্কুলের সাফল্য
২০০৪ সালে ৫জন শিক্ষার্থী এই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৪ জন পরীক্ষার্থী কৃতিত্বের সাথে পরীক্ষায় উত্তীর্ণ হয়। প্রথম ব্যাচের শিক্ষার্থী মনি মালা বর্তমানে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাথী বেগম প্রাইমারী সহকারী শিক্ষক, আব্দুস সালাম স্থানীয় গণমাধ্যমকর্মী এবং মর্জিনা আক্তার মুক্তিযোদ্ধা স্কুলের আয়া পদে কর্মরত রয়েছেন। পরবর্তীতে শতশত শিক্ষার্থী এই স্কুল থেকে এসএসসি পাশ করে কলেজ হয়ে মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। বর্তমানে অনেকেই বিভিন্ন সরকারি বেসরকারি চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত রয়েছেন। সর্বশেষ ২০২৩ সালে ৭৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৮ জন কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। পাশের হার ৮৭ শতাংশ নিয়ে দোয়ারাবাজার উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করে শ্রেষ্ঠত্ব অর্জন করে। উপজেলা ও জেলা পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজ্ঞান ও গণিতে মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে চলেছে এই স্কুলটি। ২০২৪ সালে স্কুল থেকে ৯১জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
স্কুলের বর্তমান অবস্থা
বর্তমানে এই স্কুলে সর্বমোট ৬২৫ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ৭০ শতাংশ ছাত্রী এবং ৩০ শতাংশ ছাত্র। প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক গুলজার আহমদের মৃত্যুর পর ছয় মাসের জন্য ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেন আলী আকবর এরপর থেকে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন মো. ফারুক আহমদ। বর্তমানে প্রধান শিক্ষকসহ ৯ জন শিক্ষক, ১ জন তৃতীয় শ্রেণীর কর্মচারী ও ৪ জন চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছেন। প্রথমে স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু এবং পরবতীর্তে সাজ্জাদুর রহমান চৌধুরী, বজলুল হাসান চৌধুরী রুহেল এবং বর্তমানে মুনমুন চৌধুরী স্কুল পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
দুই বীরের স্বপ্ন পূরণ
মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল খসরু হাই স্কুল অর্থাৎ ‘মুক্তিযোদ্ধা স্কুল’ প্রতিষ্ঠা হওয়ায় আলোকিত হয়েছে পুরো লক্ষীপুর ইউনিয়ন। এখন আশপাশে গ্রামে কোন নিরক্ষর লোক খুঁজে পাওয়া কঠিন। প্রায় প্রতিটি পরিবার চাকুরীজীবী শিক্ষিত পরিবার। একময় স্কুল ড্রেস ভিজিয়ে, গায়ে কাদা মাটি মেখে, নৌকায় করে, পায়ে হেঁটে স্কুলে পৌঁছাতে হতো। বর্তমানে স্কুলকে কেন্দ্র করে রাস্তা ঘাটের কিছুটা উন্নতি হয়েছে। এখন এটি বলার অবকাশ রাখে না লে.কর্নেল (অব.) এএস হেলাল উদ্দিন পিএসসি (মুক্তি যুদ্ধকালীন ক্যাপ্টেন) ও লেখক, আইনজীবী, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক প্রয়াত বজলুল মজিদ চৌধুরী খসরু এই দুই বীরের স্বপ্ন আজ বাস্তবায়ন হয়েছে।
লেখক : জাহাঙ্গীর আলম,সহকারী সম্পাদক, দৈনিক সুনামগঞ্জের খবর ও সুনামগঞ্জ জেলা প্রতিনিধি, দৈনিক বাংলা ।
জৈন্তাবার্তা/এমকে




