দূর্দিন আর দুঃসময় বলে কয়ে আসে না।মানুষের চোখে মুখে যখন ঈদের আনন্দ হাতছানি দিচ্ছে,মানুষজন যখন পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবারের ছোট শিশুদের নতুন পোশাকের ঈদ আনন্দ দিতে সঞ্চয়ে ব্যস্ত, পরিবার প্রধানেরা যখন ঘরের গৃহিণীকে নিয়ে ঈদের বাজেটের হিসাব কষাকষি তে বিভোর,সেই সময় আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রস্তুত ছিল না মানুষজন।আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগের আক্রমণে হতভম্ব ও দিশেহারা মানুষ।
গত রোববার ৩১ মার্চ রাতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি পাল্টে দিয়েছে নিন্ম আয়ের মানুষের হিসাব নিকাশ। রাত সোয়া ১০ টা থেকে শুরু হওয়া ১০ মিনিটের ঝড়ে একেকটি বিশাল আকারের শিলাবৃষ্টি পড়ে। চৈত্রের শেষে এমন শিলাবৃষ্টি বৈশাখী ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে। হঠাৎ করে শিলাবৃষ্টি শুরু হওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ইতিহাস সৃষ্টি করা শিলাবৃষ্টি অনেক মানুষের ঈদের আনন্দ কে নিরানন্দ করে দিয়েছে। বসে বসে নির্ঘুম রাত কাটিয়েছেন ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষজন। বসতবাড়ির চালের টিন ফুটো করে চাউল পরিষ্কার করার চালনির মত করে দিয়েছে। পশু পাখি যানবাহন ফসলহানিসহ আহত হয়েছেন মানুষজন।শিক্ষার্থীদের বই খাতা ঘরের আসবাবপত্র বাদ যায়নি শোয়ার বেড বিছানা। একেকটি শিলাবৃষ্টি টেনিস বলের মত আকার ছিলো।এই সময়ে কে নেবে কার খবর,কে জানতো ঈদের জন্য সঞ্চয়টুকু চট আর পলিথিন ক্রয়ে ব্যয় করতে হবে।
গোয়াইনঘাট উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঝড় ও শিলাবৃষ্টিতে গোয়াইনঘাটের ৪ টি ইউনিয়নে প্রায় ২০ হেক্টর ফসলী জমি,সবজি ও পাঁচ শতাধিক বসতবাড়ি এবং দোকানঘর ক্ষতিগ্রস্থ হয়েছে।সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের সালুটিকর বাজার থেকে শুরু করে, নওয়াগাঁও, লামাপাড়া, বহর, মিত্রি মহল,সুন্দ্রগাও, রানীগঞ্জ,করোর বাড়ি,কচুয়ারপার, দারিরপার দারিকান্দি চৌধুরীকান্দি, নন্দিরগাঁও ও চলিতাবাড়ি।
গতকাল এসব এলাকা সরেজমিনে ঘুরে দেখা যায়,বেশিরভাগ ক্ষতিগ্রস্ত মানুষজন নির্ঘুম রাত পোহাচ্ছেন।সিংহভাগ মানুষের টিন কেনার সাধ্য ও সঞ্চয় না থাকায়,আপাতত সময়ে মাথা গোঁজার জন্য চট আর পলিথিন দিয়ে ঘরের চালের উপর ঢেকে রাখছেন। অনেকে সরকারি সহায়তার দিকে চেয়ে আছেন।
এদিকে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতি নিরূপণ করে জেলা প্রশাসক বরাবরে চাহিদা পাঠিয়েছেন।
সালুটিকর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুদ্দিন জানান,বাজারের বেশিরভাগ দোকানপাঠ লন্ডভন্ড করে দিয়েছে।ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে দোকানপাটে বসতে সপ্তাহ দিনের উপরে এবং ব্যবসায়ীদের এসব ক্ষতি পুষিয়ে উঠতে বছরখানেক সময় লাগবে।
জেলা যুবলীগের সহ-সম্পাদক মহিউদ্দিন মহি জানান,৫ নং ওয়ার্ডের কচুয়ারপার ও দারিরপার গ্রামের বেশিরভাগ টিনের ঘরে বড় বড় ছিদ্র হয়ে বৃষ্টির পানি ঢুকে মানুষের বসবাসের অনুপযোগি হয়ে উঠেছে।মানুষজন নিদ্রাহীন রাত কাটাচ্ছেন,যাদেরই টিনের ঘর ছিল তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে।সরকারি সহযোগিতা ছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই সময়ে ক্ষতি পুষিয়ে উঠা সম্ভব নয়।
প্যানেল চেয়ারম্যান আমিনুর রশিদ শামীম বলেন,গ্রামের ৮০ ভাগ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০ ভাগ মানুষের টিন কিনার ক্ষমতা থাকলেও ৬০ ভাগ মানুষের টিন কিনার ক্ষমতা নেই।তাই বর্তমানে বেশিরভাগ মানুষ বাজারের চট ও পলিথিনকেই বেচে নিয়েছে।সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল বলেন,কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে সব হারিয়ে নিঃস্ব শত শত পরিবার। সরকারি সহযোগিতা ছাড়া ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরাও এগিয়ে আসা উচিৎ, কারণ ক্ষতিগ্রস্তদের মধ্যে অধিকাংশ হতদরিদ্র পরিবার এবং কম সময়ে মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি।
জৈন্তাবার্তা/এমকে




