ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী এলাকার সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের তলবাউশি গ্রামের বাসিন্দা শামসুন্নাহার বেগম (৬৫) ও জান্নাত (১৩)। সম্পর্কে তারা দাদি-নাতনি।
স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার রাতে মোটরসাইকেলযোগে সুনামগঞ্জ থেকে দিরাই উপজেলায় যাচ্ছিলেন শামসুন্নাহার ও জান্নাতসহ তিন আরোহী। যাওয়ার পথে ঝড়-বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে জয়কলস ইউনিয়নের গাগলী এলাকার সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা দাদি শামসুন্নাহার বেগম ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয় বাসিন্দারা মোটরসাইকেলের থাকা অন্য আরোহীদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু জান্নাতকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুক্তাদির হোসেন। তিনি বলেন, এতে দুই জনের মৃত্যু হয়েছে। অন্য আরোহীর অবস্থা আশঙ্কাজনক। তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
এম সি




