ছবি: সংগৃহীত
সিলেটের জকিগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক মোটরসাইকেলের দুই আরোহী এবং অপর মোটরসাইকেলের এক আরোহী মারা গেছেন। এর মধ্যে দুজনের ঘটনাস্থলেই এবং একজনের হাসপাতালে নেওয়ার পর মৃত্যু ঘটে। শুক্রবার দিবাগত রাতে জকিগঞ্জ-সিলেট সড়কের শাহবাগ মুহিদপুর এলাকায় ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের আফতার আলীর ছেলে আদিল হোসাইন (২০), একই গ্রামের জমির আলীর ছেলে জাকারিয়া আহমদ (২১) ও বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের মিনারাই গ্রামের রাজু আহমদের ছেলে রেদওয়ান আহমদ ফুয়াদ (১৮)। তিনি বিয়ানীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির।
তাদের মধ্যে আদিল হোসাইন ও জাকারিয়া আহমদ এক মোটরসাইকেলে ছিলেন। তাদের সঙ্গে ছিলে তাদের গ্রামের সুবহান আলীর ছেলে মিলন আহমেদ (২০)। তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের শাহবাগ মুহিদপুর এলাকায় দুটি মোটরসাইকেল দুদিক থেকে আসছিলো। গাড়ি দুটিই বেপরোয়া গতিতে ছিলো। মুহিদপুর এলাকায় এ দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটলে আদিল, জাকারিয়া ও মিলন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আদিল হোসাইন ও জাকারিয়া আহমদকে মৃত ঘোষণা করেন।
আদিল হোসাইন ও জাকারিয়া আহমদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ।
অপরদিকে, অপর মোটরসাইকেলের আরোহী বিয়ানীবাজারের রেদওয়ান আহমদ ফুয়াদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। রেদওয়ান আহমদ ফুয়াদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর।
এম সি




