কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র সিলেট
সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১৫ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় সকাল সাড়ে ১০ টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়,সকাল সোয়া ৯টার দিকে কুমারগাঁও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লাগে।
এরপর ফায়ার সার্ভিসের লোকজনকে বিষয়টি জানালে তারা এসে আগুন নেভানোর কাজ শুরু করলে তা নিয়ন্ত্রণে আসে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদির বলেন, বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুতের হাইভোল্টেজের তার ছিঁড়ে স্পার্কিং হয় এবং আগুনের সূত্রপাত হয়ে বিদ্যুৎকেন্দ্রে ডাম্পিং করে রাখা পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লাগে।
পরে দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি। ফায়ার সার্ভিসের কর্মীসহ স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জাহিদ-০৪-১৫-২৪/০৪




