ছবি: নিজস্ব
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় রাতের আঁধারে আগুনে পুড়ল এক দিনমজুরের বসতঘর। গত বুধবার গভীর রাতে উপজেলার ৫নং পুর্ব আলীরগাঁও ইউনিয়নের পূর্ব দিঘির পার (খমপুর) গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
ঘরের বাসিন্দা আব্দুল খালিক জানান, দীর্ঘদিন থেকে তিনি তার স্ত্রী ও তিন সন্তান নিয়ে বসবাস করছেন। দিনমজুরি করে যা উপার্জন করেন তা দিয়েই কোনমতে চলে ৫ সদস্যের পরিবার। ছোট্ট ছনের ছাপড়া ঘরে কোনমতে চলছে তাদের সংসার।
হঠাৎ করে গত বুধবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় কে বা কাহারা ঘরের চালে আগুন লাগিয়ে চলে যায়। আগুনের তাপে ঘুম থেকে উঠে স্ত্রী সন্তান নিয়ে নিরাপদ স্থানে এসে চিৎকার করলে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে তাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এতে পুরো ঘর ক্ষতিগ্রস্থ না হলেও অধিকাংশ ঘর পুড়ে যায়। ঘটনার পর থেকে অনেকটা খোলা আকাশের নীচে বসবাস করছেন দিনমজুর আব্দুল খালিক ও তার পরিবারের লোকজন। ঘরটি মেরামতের জন্য সরকার এবং বিত্তবানদের সহযোগিতা কামনা করেন দিনমজুর আব্দুল খালিক।
এস এইচ টি/




