ছবি: সংগৃহীত
গরমে ঘরে-বাইরে মানুষ হাঁসফাঁস করছে। জনজীবন এক রকম বিপর্যস্ত। এর মধ্যেই দেশের উত্তরপূর্বাঞ্চলের বিভিন্ন এলাকার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রবিবার নদীবন্দগুলোর জন্য সতর্কবার্তায় এমন তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, রবিবার বেলা ১টার মধ্যে সিলেটের বিভিন্ন এলাকার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রায়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে দেশের দুই জেলায় চলছে অতিতীব্র তাপপ্রবাহ। সর্বোচ্চ তাপমাত্রায় চুয়াডাঙ্গাকে ছাড়িয়েছে যশোর, পারদ উঠেছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে চুয়াডাঙ্গা ও পাবনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অতিরিক্ত তাপে গলে যাচ্ছে রাস্তার পিচ।
এপ্রিলের প্রথম দিকেই দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ শুরু হয়। ৭ ও ৮ এপ্রিল দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়। এতে তাপমাত্রা কিছুটা কমে। এরপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকে। ১৫ এপ্রিল থেকে দেশের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহ বইতে শুরু করে। ধীরে ধীরে তাপপ্রবাহের এলাকাও বেড়ে যায়। আর গতকাল দেশের একাধিক এলাকায় অতিতীব্র তাপপ্রবাহ বয়ে গেছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ‘আগামী দুই থেকে তিন দিন তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।’ আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, ‘২৫ এপ্রিলের দিকে গরমের তীব্রতা কমে এলেও মাসজুড়েই বিরাজ করবে তাপপ্রবাহ। তখন অতিতীব্র থেকে তীব্র, তীব্র থেকে মাঝারি এমন থাকবে। এ মাসে বড় পরিসরে বৃষ্টির সম্ভাবনাও নেই। বিচ্ছিন্নভাবে সিলেটের দু-এক জায়গায় হতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।’
আবহাওয়া অধিদপ্তর বলছে, রবিবারও ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল ৯টা পর্যন্ত রাজশাহী, পাবনা ও টাঙ্গাইল জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং চাঁদপুর ও মৌলভীবাজার জেলাসহ ঢাকা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া আগামী পাঁচ দিনে আবহাওয়া পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
এম সি




