ছবি : নিজস্ব
সিলেটের জৈন্তাপুর উপজেলার অন্যতম বৃহৎ ব্যবসায়ী সংগঠন ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির নিজস্ব উদ্যোগে চালু করা হলো সর্বজনীন পেনশন স্কিম রেজিষ্ট্রেশন বুথ।
শুক্রবার (২৬ এপ্রিল) সকাল থেকে ৪ নং বাংলাবাজারে একটি ট্রান্সপোর্ট সংস্থার অফিসে এই অস্হায়ী রেজিষ্ট্রেশন বুথ চালু হয়ে তাদের কার্যক্রম শুরু করে। প্রথমদিনে ১৫ জনের মত মিল ব্যবসায়ী সুরক্ষা স্কিমে সর্বজনীন পেনশন স্কিমে রেজিষ্ট্রেশন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি আবু সুফিয়ান বিলাল।
শুক্রবার সকাল থেকে পরে জুমআর নামাজের বিরতি দিয়ে ফের বিকেল থেকে রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়। রেজিষ্ট্রেশন তিনি নিজে থেকে করাচ্ছেন। সেই সাথে সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহ সভাপতি নজরুল ইসলাম, সদস্য তারা মিয়া সহ অন্যান্যরা মিল মালিকদের সাথে মনিটরিং চালিয়ে যাচ্ছেন।
এর আগে বৃহস্পতিবার জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার আমন্ত্রণে ৪ নং বাংলাবাজার ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির ব্যবসায়ীদের সাথে সরকার গৃহীত সর্বজনীন পেনশন স্কিম নিয়ে এক উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ মতবিনিময় কালে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে আলোচনা শেষে নিজে ও তাদের পরিবারের সুরক্ষার জন্য পেনশন স্কিমে রেজিষ্ট্রেশন করার আগ্রহ ব্যাক্ত করেন।
ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বলেন, গত বৃহস্পতিবারে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময় সভা ফলপ্রসূ হয়েছে। আমরা এখন পেনশন স্কিম রেজিষ্ট্রেশন করার কাজ চালিয়ে যাচ্ছি। আমরা আশাবাদী অল্প সময়ের ভিতরে সমিতির সকল ব্যবসায়ীদের স্কিমের আওতায় আনতে সক্ষম হবো।
এ বিষয়ে ৪ নং বাংলাবাজার ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি আবু সুফিয়ান বিলাল বলেন, বুধবার কয়েকজনের রেজিষ্ট্রেশন করা হয়েছে। আজ শুক্রবার থেকে নিয়মিত রেজিষ্ট্রেশন করা চলবে। তবে নেটওয়ার্ক কিছুটা ধীরগতি থাকায় অনেক সময় বিলম্ব পোহাতে হয়। তিনি বলেন ব্যবসায়ীদের উদ্বুদ্ধকরণের পাশাপাশি ক্রাশার মিলের স্টাফ ও শ্রমিকদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার লক্ষ্যে কাজ করবে ৪ নং বাংলাবাজার ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতি।
এম সি




