ফাইল ছবি
সিলেটের দৈনিক উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ ও দৈনিক জৈন্তা বার্তার পত্রিকার সাবেক সেটআপম্যান অমিত দাস শিবুর (৩৬) লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) দুপুরে নিহত অমিত দাসের বড় ভাই অনুকূল দাস বাদী হয়ে নগর পুলিশের এয়ারপোর্ট থানায় অজ্ঞাত আসামি উল্লেখ করে মামলাটি করেন।
গত ২৫ এপ্রিল দিবাগত রাত আড়াইটার দিকে নগরের এয়ারপোর্ট থানাধীন শাহী ঈদগাহ এলাকার হাজারিবাগ দলদলি চা-বাগানসংলগ্ন মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন বিকেলে ময়না-তদন্ত শেষে নগরের চালিবন্দর মহাশশ্মানে মরদেহ দাহ করা হয়। নিহত অমিত সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার এলেংজুড়ি গ্রামের মৃত গৌর চাঁদ দাসের ছেলে। তিনি দুই সন্তানের জনক। বর্তমানে সপরিবারে নগরের কানিশাইল এলাকায় বসবাস করছিলেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানায় ওসি নুনু মিয়া বলেন, ‘লাশ উদ্ধারের ঘটনার তদন্ত চলছে। আশা করছি, দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িতরা গ্রেপ্তার হবে।’
এম সি




