ছবি: সংগৃহীত
সিলেটের কানাইঘাটে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক প্তকৃষকের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরো দু’জন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের শফিক হাওরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম বাবুল আহমদ (৪৮)। তিনি উপজেলার দক্ষিণ কুওরের মাটি এলাকার মৃত আব্দুস সালামের ছেলে। আহতরা হলেন- একই এলাকার ফাহিম আহমদ (১৭) ও প্রদীপ বিশ্বাস (২০)।
বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন।
স্থানীয়রা জানান, বাবুল দুপুরে হাওরে ধান কাটতে যান। এসময় তার সাথে ছিলেন ভাতিজা ফাহিম আহমদ ও প্রতিবেশি প্রদীপ বিশ্বাস। হঠাৎ বৃষ্টির সাথে প্রচন্ড বজ্রপাত তাদের উপর এসে পড়ে। বজ্রপাতের আগুনে তাদের শরীর পুড়ে গেলে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে নিকটতম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা বাবুলকে মৃত ঘোষণা করেন।আহত দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় দিঘীরপাড় পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী বলেন, বাবুল পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। তার ছোট্ট ৪ টি সন্তান রয়েছে। পরিবারটি এখন অসহায়ের মধ্যে পড়ে গেলো।
এম সি




