সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (মেট্রোডিবি) এসআই শাহিন কবিরের বিরুদ্ধে চাঁদাবাজি ও জনহয়রানির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার বরাবরে লিখিত অভিযোগ করেছেন এক ব্যবসায়ী। দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার ইয়াসিন প্লাজার ব্যবসায়ী ও জকিগঞ্জ বাস মালিক সমিতির সদস্য মো. মাসুম আহমদএ অভিযোগ করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়- শাহিন কবির এর আগে এসএমপির শাহপরাণ (রহ.) থানাধীন শাহপরাণ মাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ ছিলেন। অভিযোগকারী মাসুম আহমদ আদালতের একজন নিলাম ক্রয় ব্যবসায়ী। তিনি সিলেটের বিভিন্ন থানায় আটককৃত চোরাই চিনিসহ বিভিন্ন পণ্যসামগ্রী আদালতের মাধ্যমে নিলামে ক্রয় করে পাইকারি ও খুচরা বিক্রি করতেন। শাহিন কবির মামলা ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে মাসুমের কাছ থেকে মোটা অংকের চাদা আদায় করেছেন বলে লিখিত অভিযোগে বলা হয়েছে।
অভিযোগে বলা হয়, ৬ মাস ধরে সিলেট-তামাবিল সড়কে ব্যবসায়ী মাসুমের কাছ থেকে গাড়ি প্রতি ৭ হাজার টাকা করে চাঁদা আদায় করেছেন শাহিন। মিথ্যা মামলায় গ্রেপ্তারের ভয় দেখিয়ে তিনি প্রতি মাসে ১ লাখ টাকা করে মাসোহারা আদায় করতেন।
অভিযোগে বলা হয়-আদালতের কাগজপত্র ও রসিদ থাকা সত্ত্বেও গত ৬ মার্চ জৈন্তাপুর থেকে আসা মাসুমের নিলামপণ্যের একটি গাড়ি আটকে দিয়ে দেড় লাখ টাকা আদায় করেন এসআই শাহীন কবির। অতিষ্ট হয়ে নিলামে ক্রয়-বিক্রয় ব্যবসা বাদ দিয়ে দেন মাসুম।
এসআই শাহিন কবির পরবর্তীতে শাহপরাণ থেকে বদলি হয়ে সিলেট মেট্রোডিবিতে যোগদানের পরও মাসুমের কাছে প্রতিমাসে ১ লাখ টাকা চাঁদা দাবি করতে থাকেন। চাঁদা না দিলে তাকে চোরাচালানি মামলায় ফাঁসিয়ে দেবেন বলেও হুমকি দেন।
অভিযোগে বলা হয়, শাহিন কবির গত ১০ এপ্রিল ফোর্সসহ মোগলাবাজার থানাধীন দক্ষিণ সুরমার পারাইরচকে ভারতীয় চোরাই চিনিভর্তি ৫ টি ট্রাক জব্দ করেন। জব্দকৃত ৫টি ট্রাকের মধ্যে ২টির (ঢাকা মেট্রো ট ১৬- ৬৫৪৬, যশোর-ট ১৮-৬৮৮৫) চিনির মালিক গোয়াইনঘাটের ইসলাম উদ্দিন ও জৈন্তাপুরের হেলাল আহমদের কাছ থেকে নগদ ৮ লাখ টাকা উৎকোচ গ্রহণ করে মালামাল ভর্তি ট্রাক ছেড়ে দেন। চোরাই চিনিভর্তি অপর ৩টি ট্রাক মোগলাবাজার থানায় নিয়ে যান। ভারতীয় চিনিভর্তি এ তিনটি ট্রাকের মধ্যে ঢাকা মেট্রো-ট ১৮-৯৪০৭ ও ঢাকা মেট্রো ট-২০-৪০২৩ এই দুই ট্রাকের চোরাই মালের মালিক ছিলেন জৈন্তাপুর উপজেলার হরিপুরের আব্দুর রশিদ ও সালমান। অপর ট্রাক সাতক্ষীরা ট ১১-০৪৮১ ভর্তি চোরাইমালের মালিক ছিলেন হরিপুরের ব্যাবসায়ী তাজুল। কিন্তু এই দুই ঘটনার মামলায় ব্যব্সায়ী মাসুম আহমদকে (এসএমপির মোগলাবাজার থানার মামলা নং- ১১/৫১, তাং-১০.০৪.২০২৪ ও মামলা নং-১২/৫২ তাং- ১১.০৪.২০২৪) আসামি করা হয়।
অভিযোগের ছায়ালিপি মহাপুলিশ পরিদর্শক ও ঢাকাস্থ পুলিশের সিকিউরিটি সেলেও পাঠানো হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
এলএইচ




