ছবি: সংগৃহীত
সিলেট বিভাগের ১১টি উপজেলায় আজ ভোট অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ১১টি উপজেলা হচ্ছে- সিলেট জেলার সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ, সুনামগঞ্জের দিরাই ও শাল্লা, মৌলভীবাজারের জুড়ি, কুলাউড়া ও বড়লেখা এবং হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও বানিয়াচং।
ভোটগ্রহণ চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ এটি। ৪ ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, সিলেট জেলার ৪ উপজেলার বিভিন্ন কেন্দ্রে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছেন ভোটারও। অনেক বুথের সামনে ভোটারদের রয়েছে লম্বা সারি। সমানতালে আছেন নারী ভোটারও। সকাল সোয়া ৯টার দিকে ছিলো এমন চিত্র।
সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য মঙ্গলবার (৭ মে) সন্ধ্যার মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেন নির্বাচন কমিশনের দায়িত্বরতরা। মঙ্গলবার বেলা ১১টা ভোট কেন্দ্রগুলোতে ইভিএম, ব্যালট পেপার ও বাক্সসহ নির্বাচনি সরঞ্জামাদি পাঠানো শুরু হয়। সন্ধ্যার মধ্যে কেন্দ্রে কেন্দ্রে গিয়ে পৌঁছে যায় এসব সরঞ্জাম।
সিলেট বিভাগের চারটি উপজেলায় মোট ভোটার সংখ্যা আট লাখ ১৪ হাজার ৫২ এবং ভোটকেন্দ্র ৩০২টি। এর মধ্যে কয়েকটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে এবং বাকিগুলোতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
এস এইচ টি/




