ছবি : নিজস্ব
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। বুধবার (৮ মে) অনুষ্ঠিত নির্বাচনে তিনি দোয়াত কলম প্রতীক নিয়ে নির্বাচিত হন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শাফি চৌধুরী এলিম ৩৭ হাজার ৭ শত ৮৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক ছাত্রলীগ নেতা ও আনারস প্রতিকের প্রার্থী আবু সুফিয়ান উজ্জ্বল পেয়েছেন ২৯ হাজার ০১৭ ভোট।
তৃতীয় স্থানে থাকা সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরীর জাবেদ ঘোড়া মার্কায় পেয়েছেন ১৫ হাজার ১ শত ৯৭ টি ভোট।
সহকারি রিটার্নিং অফিসার তার কার্যালয়ে থেকে এই ফলাফল ঘোষণা করেন।
বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ উপজেলায় দু‘একটি বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
গোলাপগঞ্জ উপজেলায় মোট ভোটার ২ লাখ ৭২ হাজার ৫০৪ জন। এর মধ্যে ১ লাখ ৩৪ হাজার ১১৮জন নারী এবং ১ লাখ ৩৮ হাজার ৩৮৪ জন পুরুষ। কেন্দ্র মোট ১০৩ টি।
উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন- বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি এলিম (দোয়াত-কলম), ব্রাজিল যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক আবু সুফিয়ান উজ্জ্বল (আনারস) ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ (ঘোড়া)।
এম সি




