বিশ্বনাথে নিজের হারানো চেয়ার ফিরে পেয়েছেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী। নির্বাচনে অংশগ্রহণের কারণে নিজের দল বিএনপি তাকে বহিষ্কার করার পরও তিনি ভোট থেকে সরেননি। আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদের সাথে তার তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।
১ লাখ ৮৮ হাজার ৩৭ জন ভোটারের জন্য উপজেলাজুড়ে কেন্দ্র ছিল ৭৪টি। সবকটি কেন্দ্রের ফলাফলেই দেখা গেছে সুহেল ও গিয়াসের মধ্যে জমজমাট লড়াই হয়েছে।
ভোটাধিকার প্রয়োগ করেছেন ৬০ হাজার ৪১৯ জন। যা শতকরা হিসেবে ৩২ দশমিক ১৩ ভাগ। ২ হাজার ২৮৩টি ভোট বাতিল হওয়াতে মোট বৈধ ভোটের সংখ্যা ৫৮ হাজার ১৩৬টি।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীদের মধ্যে হেলিকপ্টার প্রতীকে আকদ্দুছ আলী পেয়েছেন ৪০৩টি ভোট, টেলিফোন প্রতীকে আলতাব হোসেন পেয়েছেন ৮ হাজার ৭০৩টি ভোট, আনারস প্রতীকে গিয়াস উদ্দিন আহমদ পেয়েছেন ১২ হাজার ৯৬৮টি ভোট, কৈ মাছ প্রতীকে গৌছ খান পেয়েছেন ৫ হাজার ৭৮৮টি ভোট, মোটরসাইকেল প্রতীকে মোহাম্মদ এস আলী এনামূল হক চৌধুরী পেয়েছেন ৯৮১টি ভোট, কাপ-পিরিচ প্রতীকে মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী পেয়েছেন ১৩ হাজার ৩২২টি ভোট, ঘোড়া প্রতীকে মো. আব্দুল রোসন চেরাগ আলী পেয়েছেন ১ হাজার ৬৪৪টি ভোট, দোয়াত-কলম প্রতীকে মো. সেবুল মিয়া পেয়েছেন ১১ হাজার ৬৯৯টি ভোট, শালিক প্রতীকে শমসাদুর রহমান রাহিন পেয়েছেন ২ হাজার ১৫০টি ভোট, সফিক উদ্দিন উট প্রতীকে পেয়েছেন ৫১৮টি ভোট।
জৈন্তাবার্তা/এমইউএ/এলএইচ




