ছবি: সংগৃহীত
হোল্ডিং ট্যাক্স আদায়ের পাশাপাশি হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির অপর আপত্তি দাখিলের কার্যক্রম অব্যাহত থাকবে। যারা মনে করবেন তাদের উপর অতিরিক্ত করারোপ হয়েছে কিংবা কর দিতে অপারগ তাদের বিষয়টি নিজে দেখবেন মেয়র। তবে এ জন্য তঁার কাছে যেতে হবে আবেদন নিয়ে। এমন বক্তব্য মিলেছে নগর কতর্ৃপক্ষের কাছ থেকে। পুরোনো ২৭টি ওয়ার্ডেও আরোপিত হোল্ডিং ট্যাক্সের ট্যাক্সের ক্ষেত্রে চলমান কার্যক্রম অব্যাহত থাকবে। তবে, নতুন ১৫ ওয়ার্ড এ সিদ্ধান্তের বাইরে থাকবে। তবে লিখিত আপত্তি জানালে সেটি যাচাই করবে সিসিকের রিভিউ বোর্ড।
হোল্ডিং ট্যাক্স নিয়ে যখন নগরজুড়ে প্রতিবাদ বিক্ষোভ চলছে তখন রোববার এ নিয়ে বৈঠকে বসে নগর পরিষদ। সেখানে সভাপতিত্ব করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। বৈঠকে মেয়র ছাড়াও নগরের কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সাধারণ সভা শেষে নগরভবনের সভাকক্ষে সংবাদ সম্মেলন ডাকেন মেয়র। সেখানে তিনি বলেন, ‘পুরাতন ২৭টি ওয়ার্ডের জন্য ২৭টি রিভিউ বোর্ড গঠন করা হয়েছে। এই ওয়ার্ডগুলোতে হোল্ডিং ট্যাক্সের কার্যক্রম চলমান থাকবে। রিভিউ বোর্ডে একজন প্রকৌশলী ও একজন আইনজীবী নিযুক্ত থাকবেন। সেই রিভিউ বোর্ডকে আমি নিজে মনিটরিং করবো। মহানগরবাসী যাতে হোল্ডিং ট্যাক্স নিয়ে কোনো সমস্যায় না পড়েন, সেদিকে নজর দেওয়া হচ্ছে। আমরা ট্যাক্স সহনীয় পর্যায়ে নিয়ে আসব।’
মেয়র আরও বলেন, ‘হোল্ডিং ট্যাক্স একশ গুণ বাড়ার খবর সঠিক নয়। আগে অনেকেই তদবিরের মাধ্যমে ট্যাক্স কমিয়েছেন। এখন সঠিক ট্যাক্স নির্ধারণ করায় অনেকেই মানতে পারছেন না। আমরা সেটিও দেখার চেষ্টা করছি। তবে যারা অসহায়-গরিব, তাদের হোল্ডিং ট্যাক্স অস্বাভাবিকভাবে বাড়ানো হলে বিষয়টি দেখা হবে।’
সংবাদ সম্মেলনে মেয়র বলেন, আগামী সপ্তাহ থেকে নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করে ট্যাক্স নির্ধারণ নিয়ে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এ ব্যাপারে ২৭ টি ওয়ার্ডে রিভিউ বোর্ড গঠন করা হবে। আপত্তি দাখিলের সময় বর্ধিত করে ২৮ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আবেদন রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায়ে নির্ধারণ করা হবে। এছাড়াও নতুন ১৫টি ওয়ার্ডের এসেসমেন্ট স্থাগিতের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মেয়র বলেন, চলমান অ্যাসেসেমেন্ট/রি-অ্যাসেসমেন্ট নিয়ে কোনো প্রকার উদ্বেগের কারণ নেই। সিলেটের সচেতন নাগরিক ও কাউন্সিলরদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হবে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে আমাদের পরিষদের আলোচনা হয়েছে। সর্বসম্মতিক্রমে সহনীয়মাত্রায় ট্যাক্স নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
মেয়র জানান, করারোপ নিয়ে যারা আপত্তি করেছেন তাদের আবেদন শতভাগ স্বচ্ছতার মাধ্যমে রিভিউ করা হবে। আমরা নির্বাচিত জনপ্রতিনিধি। জনগণের স্বার্থ বিবেচনা করে আমরা কাজ করব। এখানে কারো প্রতি অবিচার করা হবে না। যেকোনো বিষয়ে নাগরিকদের মতামতের ভিত্তিতে কাজ করবে সিসিক। ইতোমধ্যে যারা অভিযোগ ও স্মারকলিপি প্রদান করেছেন তাদের অভিযোগ গুরুত্ব সহকারে স্বচ্ছতার মাধ্যমে দেখা হবে। সবার সহযোগিতায় বিষয়টি নিষ্পত্তি করা হবে।
তিনি বলেন, অনেক প্রভাবশালী কোনোদিন কর পরিশোধ করেননি। অনেকে আবার অনেক বছর ধরে নিয়মিত কর পরিশোধ করেন না। এ বিষয়ে আক্ষেপ জানিয়ে মেয়র বলেন, এভাবে চললে সিটি কর্পোরেশনের উন্নয়ন হবে কীভাবে হবে।
এস এইচ টি/




