ছবি: সংগৃহীত
মো. ফয়ছল আলম
বিপাকে পড়েছেন সিলেট নগরের ২৭টি ওয়ার্ডের ৭৫ হাজার ৪৩০ জন হোল্ডিংধারী। ট্যাক্স দেবেন কি না- এ নিয়ে দ্বিধায় ভুগছেন বেশিরভাগ বাসা-বাড়ির মালিক।
এদিকে, বার্ষিক মূল্যায়নের উপর কর নিরূপণের সময় যখন নগর জুড়ে তীব্র আপত্তি উঠেছে তখনও গৃহকর আদায় চলছে নগর ভবনে। গত ৯ দিনে ১ কোটি ২০ লাখ টাকা বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায় করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।
নগর ভবন সূত্রে জানা গেছে, সিলেট সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে ২০১৯-২০ সালে ফিল্ড সার্ভে করা হয়। পরবর্তীতে ২০২১ সালের ১৭ আগস্ট পরিষদের বিশেষ সভায় সেটি পাস হয়। কর ধাযর্যসন ধরা হয় ২১-২২ অর্থবছর। মোট ৭৫ হাজার ৪৩০টি হোল্ডিংয়ে ১১৩ কোটি ২৭ লাখ ৭ হাজার ৪৪৫ টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সেটি অনুমোদনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়।
২০২১ সালের ৩ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয় সেটি অনুমোদন করে এরই ধারাবাহিকতায়। গত ৩০ এপ্রিল অ্যাসেসেমেন্ট/রি-অ্যাসেসমেন্ট বার্ষিক মূল্যায়নের উপর কর নিরূপণক্রমে তালিকা প্রকাশ করা হয়।
এ নিয়ে সাধারণ নাগরিকদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিভিন্ন মহল থেকে দাবি উঠে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায়ে নিয়ে আসার। বহু মানুষ কর আদায় থেকেও বিরত রয়েছে। কর দেবেন কি- না তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন তারা।
করারোপের উপর তালিকা দেখে আপত্তি জমার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছিল ১৪ মে পর্যন্ত রোববার সেটি ২৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। গত ৯ মে পর্যন্ত সিটি কর্পোরেশনের বুথ থেকে তথ্য নিয়েছেন মোট ২৪ হাজার ৪৬৭ জন, আপত্তি ফরম নিয়েছেন ২২ হাজার ৪৪০ জন।
রোববার দুপুরে সভাকক্ষে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সিসিকের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ এতে উপস্থিত ছিলেন। সভায় বর্ধিত হোল্ডিং ট্যাক্সের ওপর আপত্তি দাখিলের সময় ২৮ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়।
এস এইচ টি/




