একতরফাভাবে অতি উচ্চহারে হোল্ডিং ট্যাক্স আরোপের প্রতিবাদে ও বর্ধিত ট্যাক্স বাতিলের দাবিতে বিভিন্ন সংগঠনের কর্মসূচি অব্যাহত রয়েছে। সোমবারও নগরীর বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা ও মেয়র বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
সিলেটের নাগরিকবৃন্দের স্মারকলিপি: ‘অযৌক্তিক, গণবিরোধী’ কর আরোপের সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিলের দাবি জানিয়ে সোমবার বেলা ২টায় কোর্ট পয়েন্টে জমায়েত হয়ে মিছিলসহকারে সিটি কর্পোরেশনের মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মেয়র অনুপস্থিত থাকায় স্মারকলিপি গ্রহণ করেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী।
স্মারকলিপিতে বলা হয়, গত ২৩ এপ্রিল সিলেট সিটি কর্পোরেশন ২৭টি পুরাতন ওয়ার্ডের ৭৫ হাজার ৪৩০টি হোল্ডিংয়ের উপর আরোপিত নতুন ট্যাক্সের তালিকা প্রকাশ করেন। এই বিজ্ঞপ্তি পর্যালোচনায় দেখা যায় যে, নগরবাসী যে হারে গৃহকর দিয়ে আসছিলেন তার চেয়ে নতুন করের অংক কোনোকোনোক্ষেত্রে ৫শ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। যা অযৌক্তিক, অন্যায্য এবং জনস্বার্থের পরিপন্থী। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।
এতে বলা হয়, করদাতাদের মতামত গ্রহণ ব্যতিরেকে যে পদ্ধতিতে নগরবাসীর উপর ট্যাক্সের বোঝা চাপানো হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, গণতান্ত্রিক নয়। যাতে নগরবাসী উদ্বিগ্ন, উৎকণ্ঠিত এবং চরম অনিশ্চয়তার মুখোমুখি হয়েছেন। এখানে উল্লেখ করা আবশ্যক যে, সিলেট মহানগর কোনো বিচারেই ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর কিংবা নারায়ণগঞ্জের মতো শিল্পসমৃদ্ধ কোনো জনপদ নয়। মেয়রসহ নির্বাচিত পরিষদ নগরীর ভোটারদেরকে সম্পূর্ণ অন্ধকারে রেখে বিরাট মাত্রায় কর ধার্য করেছেন। যা নগরবাসীর কাছে অপ্রত্যাশিত। একটি স্থানীয় সরকারকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও স্বাবলম্বী করে তুলতে নাগরিকদের কর প্রদান করার আবশ্যকতা সর্বজন স্বীকৃত। নির্দিষ্ট সময় পর পর চলমান করের হার শতকরা ৫ থেকে সর্বোচ্চ ২৫ ভাগ পর্যন্ত বৃদ্ধি করার গ্রহণযোগ্যতা রয়েছে। কিন্তু সহনীয় মাত্রায় কর বৃদ্ধি না করে এক লাফে কয়েকশভাগ বৃদ্ধি করার সিদ্ধান্ত অকল্পনীয়। আমরা এই কর আরোপের সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিল করার দাবি জানাচ্ছি এবং চরম গণঅসন্তোষ বিবেচনায় নিয়ে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম, ফরম বিতরণ ইত্যাদি বন্ধ করে নগরবাসীর মতামতের ভিত্তিতে যুক্তিসঙ্গত অ্যাসেসমেন্ট প্রক্রিয়ায় নতুন কর ধার্য করার আহবান জানাচ্ছি।
স্মারকলিপি প্রদানকালে সিলেটের নাগরিকবৃন্দের আহ্বায়ক এমাদ উল্লাহ শহিদুল ইসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন, হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদের মোতাওয়াল্লি সরেকওম ফতেউল্লাহ আল আমান, জাসদ সিলেট জেলা সভাপতি লোকমান আহমদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, মানবাধিকার কর্মী ও ব্লাস্টের সাবেক সমন্বয়কারী অ্যাডভোকেট মো. ইরফানুজ্জাসান চৌধুরী, সাম্যবাদী দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব্রজপোপাল, গণতন্ত্রী পার্টির জেলাা সভাপতি মো. আরিফ মিয়া, সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ জেলা আহবায়ক আবু জাফর, সিনিয়র আইনজীবী কল্যাণ চৌধুরী, সমাজসেবক সোলেমান আহমদ, নাগরিক মৈত্রীর আহবায়ক অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর, সিলেট আইনজীবী সমিতির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন রশীদ সোয়েব, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সভাপতি সিরাজ আহমদ, জাসদ মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, গণতন্ত্রী পার্টির জেলা সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাছান, সাম্যবাদী আন্দোলন জেলা সমন্বয়ক সুশান্ত সিনহা, সিলেটের নাগরিকবৃন্দের সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, অ্যাডভোকেট মহিতোষ দেব মলয়, বাসদ মার্কসবাদী নেতা সঞ্জয় দাস, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক ইশমত ইবনে ইসহাকসহ সিলেটের বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবি সংগঠনের প্রতিনিধি ও ২৭টি ওয়ার্ডের ভুক্তভোগী নাগরিকবৃন্দ। সিলেটের নাগরিকবৃন্দের পক্ষে স্মারকলিপিতে সিলেটের বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবি সংগঠনের ৫২ জন নেতৃবৃন্দ স্বাক্ষর করেছেন।
স্মারকলিপি প্রদান পরবর্তী বক্তব্যে সিলেটের নাগরিকবৃন্দ আহ্বায়ক এমাদ উল্লাহ শহিদুল ইসলাম বলেন, আমরা মেয়র বরাবর স্মারকলিপির মাধ্যমে সিলেট নগরবাসীর দাবি জানিয়েছি। সিলেট সিটি করপোরেশন কর্তৃক একতরফাভাবে অতি উচ্চহারে হোল্ডিং ট্যাক্স আরোপের অযৌক্তিক সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিল করার দাবি জানিয়েছি। আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো। হোল্ডিং ট্যাক্স আরোপের অযৌক্তিক সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিল না করলে আমরা নগরীর সকল ওয়ার্ডে ধারাবাহিকভাবে গণসংযোগ, মতবিনিময় করে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করব।
সচেতন নাগরিক কমিটির স্মারকলিপি: ‘অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স’ বাতিলের দাবিতে সিলেট মহানগর সচেতন নাগরিক কমিটির পক্ষ থেকে মেয়র বরাবর স্মারকলিপি প্রদান প্রদান করা হয়েছে। রোববার দুপুরে নগর ভবনে আনোয়ারুজ্জামান চৌধুরীর হাতে স্মারকলিপি তুলে দেন সিলেট মহানগর সচেতন নাগরিক কমিটির নেতৃবৃন্দ। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সিলেট সিটি কর্পোরেশন অস্বাভাবিক হারে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। অবিলম্বে প্রকাশিত হোল্ডিং ট্যাক্সের সকল কার্যক্রম বাতিল করতে হবে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সচেতন নাগরিক কমিটির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, অ্যাডভোকেট আখতার বক্স জাহাঙ্গীর, শহিদুল হোসেন আহমদ মামুন, কামাল মিয়া, আফজাল হোসেন, আখতার রশিদ চৌধুরী, শামসুদ্দীন আহমদ, খসরুজ্জামান খসরু, আব্দুল হাকিম, শেখ কবির আহমদ, মির্জা সম্রাট হোসেন, সেলিম আহমদ মাহমুদ, সাব্বির আহমদ, রাজিব কুমার দে রাজু, রুবেল আহমদ, মালেক আহমদ, আবু সাঈদ মো. তাইফ, জম জম বাদশা, মাহবুবুর রহমান মন্তাজ, মঈনুল আহমদ, উজ্জল কুমাদ চন্দ, নাজির উদ্দীন রব, শামীম আহমদ লোকমান, জালাল উদ্দীন শামীম, আব্দুস শহিদ, লিয়াকত আলী, সেলিম আহমদ, ছালাউদ্দিন রিমন, মাসুক আহমদ, মলয় লাল ধর, সাহেল রহমান, সাদিক আহমদ, আশরাফ উদ্দীন, সোহেল আহমদ, আব্দুল রকিব আলঙ্গীর, রায়হান আহমদ, আবুল হোসেন, শাহরিয়ার জালালী ফাইজার, নাজমুল হোসেন, সোয়েব আহমদ প্রমুখ।
এলএইচ




