ছবি: সংগৃহীত
জমে উঠেছে কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনী প্রচারণা। আগামী ৫ জুনের ভোটকে ঘিরে উপজেলার গ্রামে গ্রামে বইছে এখন উৎসবের আমেজ। চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে সরাসরি আওয়ামীলীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণ না থাকলেও পরোক্ষভাবে এ নির্বাচনে বিরোধীদলের অনেকেই অংশ নিচ্ছেন। প্রচার প্রচারণায়ও রয়েছে তাদের সম্পৃক্ততা। সে কারণে কয়েকজনের বিরুদ্ধেবিএনপি সাংগঠনিক ব্যবস্থাও নিয়েছে।
সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের গত ১২ মে মনোনয়নপত্র যাচাই-বাছাইপর্ব শেষে সকল চেয়ারম্যান পদপ্রার্থীদের বৈধ , ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ২জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জনকে বৈধ ঘোষণা করা হয়। আগামী ৫ জুন কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৯ই মে বৃহস্পতিবার অনলাইনের মাধ্যমে চেয়ারম্যান পদে ৭ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন সহ মোট ১৩জন প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে দাখিল করেছিলেন।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন সিলেট জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, সাবেক চেয়ারম্যান আশিক চৌধূরীর চাচাতো ভাই যুক্তরাজ্য প্রবাসী আবুল মনসুর চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আবুল কালাম মোহাম্মদ শামসুজ্জামান, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী সমাজকর্মী বেলাল আহমদ, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ খয়ের উদ্দিন চৌধুরী, এনামুল হক, খায়রুল আমীন।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক কাউন্সিলর ফখর উদ্দিন, কানাইঘাট পৌরসভার ৪নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর জসিম উদ্দিন, জমিয়ত নেতা হাফিজ মাওলানা আলতাফ হোসেন, খেলাফত মজলিস নেতা প্রবাসী মোঃ খালেদ আহমদ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি খাদিজা বেগম, কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক রোকশানা জাহান প্রতিদ্বন্ধিতা করছেন।
এ নির্বাচনে অন্যান্য উপজেলার চেয়ে প্রার্থীদের সংখ্যা বেশী থাকায় বেশ জমে উঠেছে নির্বাচনী মাঠ। প্রার্থীরাও ছুটছেন উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে আগের কোনো জনপ্রতিনিধি প্রার্থী না হওয়ায় নতুনদের নিয়ে ভোটারদের মাঝে কৌতুহল লক্ষ্য করা যাচ্ছে। চেয়ারম্যান পদে মোস্তাক আহমদ পলাশ এবং সাবেক চেয়ারম্যান আশিক চৌধূরীর চাচাতো ভাই যুক্তরাজ্য প্রবাসী আবুল মনসুর চৌধুরীসহ কয়েকজন জোর প্রতিদ্বন্ধিতায় রয়েছেন। তবে ভোটের দিন বিকেলেই নিশ্চিত হওয়া যাবে কারা হচ্ছেন এ উপজেলায় আগামী দিনে জনগনের প্রতিনিধি।
উল্লেখ্য আগামী ১৯ মে ৫ জুন কানাইঘাট উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এস এইচ টি/




