ছবি: সংগৃহীত
দ্বিতীয় ধাপে আগামীকাল মঙ্গলবার সিলেট বিভাগের ১০ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রোববার মধ্যরাতে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা। শেষ দিনের প্রচারণায় মাঠ চষে বেড়িয়েছেন প্রার্থীরা।
২য় ধাপে সিলেট বিভাগের সিলেট জেলার তিন উপজেলা কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট, সুনামগঞ্জ জেলার চার উপজেলা ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ, মৌলভীবাজারের রাজনগর এবং হবিগঞ্জ জেলার বাহুবল ও নবীগঞ্জ উপজেলা পরিষদে ভোটগ্রহণ হবে। উচ্চ আদালতের নির্দেশে মৌলভীবাজার সদর উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে।
ইতোমধ্যে উপজেলাগুলোতে ভোটগ্রহণের সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ভোটের দিন কেন্দ্রের পরিবেশ নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট উপজেলাগুলোতে ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। সকাল ৮টায় ভোট শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এবার বিএনপি-জামায়াতসহ কোনো রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ নিচ্ছে না। তাই সাধারণ ভোটারদের মাঝে ভোটের আমেজ কিছুটা কম। যদিও দলীয় সিদ্ধান্ত অমান্য করে অনেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।
প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। বিরামহীন প্রচারে ছিল প্রার্থীদের উন্নয়নের নানা প্রতিশ্রুতি। মিছিল, উঠান বৈঠক ও লিফলেট বিতরণসহ রাতে-দিনে জমজমাট প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। ভোটগ্রহণ উপলক্ষে ইতোমধ্যে এসব উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এর আগে ২০০৮ সাল থেকে নির্বাচনি প্রচারে রঙিন পোস্টার বন্ধ ছিল। প্রতীক বরাদ্দের আগে এতদিন প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারের সুযোগ পেতেন না। এবার প্রতীক বরাদ্দের আগেও সীমিত পরিসরে এবং ডিজিটাল মাধ্যমেও প্রচার চালাতে পেরেছেন প্রার্থীরা।
নির্বাচন কমিশন প্রেরিত এক প্রজ্ঞাপনে রোববার বলা হয়েছে, সিলেটের ১১টিসহ দেশের ১৫৭টি উপজেলা পরিষদে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের আগের দুদিন, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দুদিন ১৯ থেকে ২৩ মে পর্যন্ত মোট পঁাচদিনের জন্য ১৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেটকে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সিলেটের ১১টি উপজেলায় ১১ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। বিচারিক ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্ন করবেন। এজন্য তারা একজন বেঞ্চ সহকারী/স্টেনোগ্রাফার/অফিস সহকারীকে সহকারী হিসেবে সঙ্গে নিতে পারবেন।
এস এইচ টি/




