জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলি বলেছেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমার নির্বাচনি প্রচারণার শুরু ও শেষ এই ৪ নং বাংলাবাজার থেকে। পরে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও বাজার এলাকায় বিভিন্ন পথসভায় উপজেলার মানুষের রেকর্ড সংখ্যক সমর্থন ও ভালোবাসা আমি পেয়েছি।
তিনি বলেন আগামীতে উপজেলার উন্নয়ন কাজের শুরু এই ৪ নং বাংলা বাজার এলাকা থেকে শুরু হবে এবং জৈন্তাপুরের আপামর জনসাধারণের সার্বিক সহযোগিতা নিয়ে উপজেলার প্রতিটি ইউনিয়নে আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার (২৩শে মে) সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় ৪ নং বাংলা বাজার এলাকায় গোলচত্বরে নবনির্বাচিত চেয়ারম্যান এম লিয়াকত আলিকে সংবর্ধনা জানাতে এবং ২১শে মে স্হানীয় ভোটারদের ঐক্যবদ্ধ ভাবে আনারস প্রতীকে ভোট দেয়ায় এক শুকরিয়া সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভায় ১৭ পরগনার বর্ষীয়ান মুরুব্বি বীরমুক্তিযোদ্ধা আফতাব আলির সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা মিরজান আহমেদ রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যান এম লিয়াকত আলি বলেন, পুরো উপজেলার মত ৪ নং বাংলাবাজারের আপামর জনসাধারণ,শ্রমজীবী, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের মানুষের নিকট আমি চির ঋনী। এই অঞ্চলের প্রবীন, যুবক,তরুণ ছাত্ররা গত কয়েকটা সপ্তাহ ধরে দিনরাত, রোদবৃষ্টি,ঝড় তুফান উপেক্ষা করে আনারস প্রতীককে নির্বাচিত করতে মানুষের দারে দারে প্রচারণা চালিয়েছে।
আজ সর্বপ্রথম সংবর্ধনা এই অঞ্চলের মানুষ আমাকে দিয়েছে। আমি বলবো এই জয় আমার নয় বরং পুরো উপজেলাবাসী আপনাদের। সামনের দিনগুলোতে অনেক স্বপ্ন বাস্তবায়নে আপনাদের নিয়ে এগিয়ে যেতে চাই। আমি আশা করি যেভাবে আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে আনারসের জয় নিশ্চিত করেছেন, সামনের দিনগুলোতে আপনাদের নিয়ে উন্নয়ন কার্যক্রম নিশ্চিত করবো ইনশাআল্লাহ।
তিনি এ সময় বক্তব্যে বলেন, এই অঞ্চলের অধিকাংশ মানুষ পাথর শ্রমিক। তারা দীর্ঘদিন যাবত তাদের রুটি রুজির অন্যতম স্হান শ্রীপুর পাথর কুয়ারী বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করেছে। সেই সাথে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্হ। এ সময় তিনি বলেন উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ম্যনুয়েল পদ্ধতিতে পরিবেশ সম্মতভাবে পাথর উত্তোলন নিশ্চিত কল্পে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান হাজী আলমগীর হোসেন, তামাবিল কয়লা চুনাপাথর আমদানি রপ্তানিকারক গ্রুপের সহ সভাপতি হাজী জালাল উদ্দীন সিআইপি, সৈয়দ আব্দুন নূর (মেম্বার),ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী সেলিম আহমেদ চৌধুরী , বাজার ব্যবসায়ী সংগঠনের সভাপতি সোলেমান আহমেদ কন্টু, ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি আবু সুফিয়ান বিলাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সহ স্হানীয় জনপ্রতিনিধিগণ।
পরে ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত বিভিন্ন ওয়ার্ড, সংগঠন ও ব্যাক্তিদের পক্ষ থেকে ফুলের মালা ও তোঁড়া দিয়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে বরণ করে নেয়া হয়। পরে সংবর্ধনা সভা ও স্হানীয় নাগরিকদের পক্ষ থেকে বিশেষ দোয়া মোনাজাত শেষে শিরনী বিতরণ করা হয়।
এলএইচ




