ছবি: সংগৃহীত
সিলেটের চাঞ্চল্যকর দৈনিক উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবু (৩৬) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। দুই আসামি আদালতে জবানবন্দি দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি আজাবাহর আলী শেখ।
জবানবন্দি দেওয়া আসামিরা হলেন, ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল থানার কালিগচ্ছ (ধরন্তি) মৃত জামাল ভূঁইয়ার মেয়ে সুমাইয়া আক্তার সুমি (২০) এবং সিলেট নগরীর সাগরদিঘীরপাড় এলাকার আব্দুস সালামের ছেলে তাহমিদ আহমদ (২৬)। তারা সিলেট নগরীর আরামবাগ এলাকার ভাড়াটিয়া।
গত ২৩ মে তারিখে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আসামীদ্বয় ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এবং জড়িত অন্যান্য আসামীদের নাম ঠিকানা প্রকাশ করে। পরে বিজ্ঞ আদালত আসামীদ্বয়কে জেল হাজতে প্রেরণ করেন।
আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম অমিতের সাথে সুমাইয়ার ফোনে যোগাযোগ হয় এবং তারা হোয়াটসঅ্যাপে কয়েকবার কথা বলেছে। কথা বলার এক পর্যায়ে তারা একে অপরের সাথে দেখা করতে চায়। এইদিকে সুমাইয়া অমিতের উপর বিরক্ত ছিল, অমিত তাকে বারবার ফোন করে ডিস্টার্ব করার কারণে সুমাইয়া তার পাড়ার প্রভাবশালী বড়ভাই ফয়সালকে বিষয়টা জানায়। ফয়সাল তখন সুমাইয়াকে বলে অমিতকে ফোন করে হাজারীবাগ এলাকায় নিয়ে আসতে।
পরিকল্পনা অনুযায়ী রাত ৮:৩০ (সাড়ে আটটার) দিকে ভিকটিম অমিতকে শাহী ঈদগাহ এলাকায় ডেকে আনলে অমিত শাহী ঈদগাহ এলাকাস্থ মিনারগেটের নিচে সুমাইয়ার সাথে দেখা করে। দেখা করার পর সুমাইয়া, অমিতের মোটরসাইকেলের পিছনে চড়ে হাজারীবাগ এলাকায় যায়।
উক্ত স্থানে যাওয়ার পরপরই ফয়সাল ও তার সাথে থাকা আরো ৪/৫জন আসামী অমিতের সাথে কথা কাটাকাটি করে এবং এক পর্যায়ে তারা হাতাহাতি করে। হাতাহাতির একপর্যায়ে ফয়সলসহ অন্যান্য আসামীরা অমিতের মোটরসাইকেলের হেলমেট দিয়ে তাকে আঘাত করে এবং এলোপাথারি ভাবে কিল ঘুষি মারতে থাকে। তখন সুমাইয়া তার কথিত বয়ফ্রেন্ড তাহমিদকে ফোন দেয়। কিছুক্ষন পরে তাহমিদ উক্ত ঘটনাস্থলে আসে এবং এসে মারামারিতে অংশগ্রহণ করে। পরে আসামীদের এলোপাতারি মারপিটে ভিকটিম অমিত ঘটনাস্থলে মারা গেলে তার লাশ এয়ারপোর্ট থানাধীন হোসনাবাদ এলাকায় ফেলে চলে যায়। পরে পুলিশ সংবাদ পেয়ে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজে লাশ প্রেরণ করে।
পুলিশ ঘটনাস্থল থেকে ভিকটিম এর মোটরসাইকেল , হেলমেট, মানিব্যাগসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত জব্দ করে। উক্ত মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত আছে।
এস এইচ টি/




