তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে গোলাপগঞ্জের মানুষের জনজীবন। একেবারে প্রয়োজন না হলে ঘর থেকে বের হচ্ছে না মানুষ। কাজ করতে না পেরে অনেকে স্থান নিচ্ছে গাছতলায় ও বিভিন্ন মার্কেটের ছায়ায়।
গতরাতে ৯ টার কিছু পর থেকে গোলাপগঞ্জে বৃষ্টি ও বাতাসে কিছুটা স্বস্তি ফিরলেও আজ সকাল থেকে গরমের তাপ বাড়তে থাকে। আজ দুপুর দুইটার পর থেকে গোলাপগঞ্জে ৩৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এদিকে প্রচণ্ড গরম আর রোদে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। কমেছে আয় রোজগার।
রিকশাচালকরা জানান, স্বাভাবিক সময়ে দৈনিক পাঁচশ থেকে আটশত টাকা আয় হলেও এখন হচ্ছে দুই থেকে তিনশত টাকা। আগে বাজার থেকে দশ কেজি চাল কিনলেও এখন কিনতে হচ্ছে দুই কেজি।
তবে চাহিদা বেড়েছে আখের রস, ডাবসহ তরল খাবারের। সকালে গোলাপগঞ্জের চৌমুহনীতে গিয়ে দেখা যায়, সেখানে মানুষ লম্বা লাইনে আখের রস, লেবুর রস ও ডাব কিনে তৃষ্ণা মেটাচ্ছে। প্রতিটি ডাব বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা দরে।
আবার প্রচণ্ড গরমে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ কম্পলেক্স এ বেড়েছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। সদর হাসপাতালের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ জনসহ মোট ১২৮ জন রোগী ভর্তি আছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সিলেটে তথা গোলাপগঞ্জে বর্তমানে ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।
গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এর আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ শাহিনুল ইসলাম শাহিন বলেন, এ গরমে শিশু ও বৃদ্ধদের সাবধানে রাখতে হবে। বেশি বেশি তরল খাবার খেতে হবে। বাইরের খোলা ও বাসি খাবার খাওয়া যাবে না। প্রচণ্ড গরম পড়ায় ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে। হাসপাতালে স্যালাইনসহ সব ধরনের ওষুধ সরবরাহ আছে। সাধ্যমতো চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
এলএইচ




