ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের ছাতক উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে অভিযুক্ত দপ্তরি রুবেল মিয়াকে চাকরিচ্যুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। কেননা এ ঘটনা সমাজে মূল্যবোধের চরম অবক্ষয়কেই নির্দেশ করে।
বাকবিশিস সিলেট এর নেতৃবৃন্দের পক্ষে বিবৃতি দিয়েছেন প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, বাকবিশিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বিভাগীয় সভাপতি অধ্যক্ষ শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক প্রাণকান্ত দাশ, সিলেট জেলা সভাপতি উপাধ্যক্ষ অজয় কুমার রায়, সাধারণ সম্পাদক অধ্যাপক সাব্বির আহমদ ও সিলেট মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ আবিদুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক জান্নাতারা খান পান্না, বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক কাসমির রেজা, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক মোঃ সাখাওয়াত হোসেন, শিক্ষক ফারুক আহমদ প্রমুখ।
উল্লেখ্য গত মঙ্গলবার সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ভাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকরী রানী দে কে স্কুলটির নৈশপ্রহরী কাম দপ্তরি রুবেল মিয়া কর্তৃক মারধর করে রক্তাক্ত করার ঘটনা ঘটেছে। এতে প্রধান শিক্ষক মাথায় ও চোখে আঘাতপ্রাপ্ত হন। প্রচুর রক্তক্ষরণ হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এম সি




