ছবি: সংগৃহীত
সিলেটের দক্ষিণ সুরমায় এবং মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের তেলিপাড়া গ্রামের রিপন মিয়ার মেয়ে রাফিয়া জান্নাত মাইশা ও জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের মৃত মনু মিয়ার ছেলে হাবিবুর রহমান হিরা (৪০)।
আমাদের কুলাউড়া প্রতিনিধি জানান, কুলাউড়ায় ট্রাকের ধাক্কায় হাবিবুর রহমান হিরা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় দিকে আছুরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হিরা পাশ্ববর্তী জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।
এ ঘটনার সত্যতা নিশ্চিতকরেছেন কুলাউড়া থানার উপপরিদর্শক হাবিবুর রহমান। তিনি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে কুলাউড়া থেকে মোটরসাইকেলযোগে জুড়ীর দিকে যাচ্ছিলেন হিরা। আছুরিঘাট এলাকায় পেঁৗছুলে পিছন থেকে আসা দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন হিরা। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তিনি মারা যান।
এসআই হাবিবুর রহমান আরও বলেন, ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকসহ হেলপারকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, আমাদের দক্ষিণ সুরমা প্রতিনিধি জানান, দক্ষিণ সুরমায় নাম্বারবিহীন সিএনজি চালিত অটোরিকশা চাপায় ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার সিলেট-সুলতানপুর সড়কের তেলিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত গাড়িটি রেখে তাৎক্ষণিক চালক পালিয়ে গেছে।
এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে মোগলাবাজার থানা পুলিশ ও সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন এলাকাবাসী।
স্থানীয় লোকজন জানান, শুক্রবার সকালে সিলাম ইউনিয়নের তেলিপাড়া গ্রামের রিপন মিয়ার মেয়ে রাফিয়া জান্নাত মাইশা তার দাদার সাথে বাড়ির সামনের রাস্তায় হাটতে বের হয়। হঠাৎ সিলেট-সুলতানপুর সড়কে সিলেটগামী একটি নাম্বারবিহীন সিএনজি চালিত অটোরিকশা দ্রুতগতিতে এসে মুল সড়কের পাশে বাড়ির রাস্তায় এসে শিশুটিকে চাপা দেয়। সাথে সাথে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে এসএমপির মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশের সুরতহাল রিপোর্ট করে।
এদিকে, নাম্বারবিহীন সিএনজি চালিত অটোরিকশা চাপায় শিশুর মৃত্যুর ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সিলেট-সুলতানপুর সড়ক অবরোধ করেন। এসময় তারা সড়কে নম্বরবিহীন সিএনজি চালিত অটোরিকশা বন্ধ ও পলাতক চালককে গ্রেপ্তারের দাবি জানান।
পরে মোগলাবাজার থানা পুলিশের আসামি গ্রেপ্তার ও সড়কে নাম্বারবিহীন সিএনজি চালিত অটোরিকশা বন্ধের আশ্বাসে ও সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমানের অনুরোধে অবরোধ তুলে নেন এলাকাবাসী।
এসময় উপস্থিত ছিলেন তেলিপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী ও উপজেলা আওয়ামী লীগ নেতা আজির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নেছার আলী, গোল্ডেন ফিউচার একাডেমির প্রিন্সিপাল সারোয়ার হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী, ইউপি সদস্য আব্দুর রহমানসহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিরা।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে এসএমপির মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন বলেন, এঘটনায় গাড়িটি জব্দ করা হয়েছে, মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
এস এইচ টি/




