ছবি: নিজস্ব
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তাপপ্রবাহের মতো বৈরী আবহাওয়ার মধ্যেও এবার আনন্দচিত্তে বোরো ধান ঘরে তুলেছেন উপজেলার কৃষকেরা। খরায় ধান কেটে তোলার পাশাপাশি অনায়াসে গবাদি পশুর খাদ্য খড়ও তুলেছেন তারা। ধান কাটা শেষ হওয়ায় এবার গো-খাদ্য তোলা নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।
জানা গেছে, কয়েক বছরের মধ্যে এই প্রথম পাহাড়ি ঢলের ভয় ও শঙ্কাহীন পরিবেশে বৈশাখ মাস পার করছেন কৃষক পরিবারের লোকজন। এবার প্রত্যাশার চেয়ে বেশি বোরো ধান পেয়েছেন গোয়াইনঘাটের কৃষকরা। সেই বোরো ধান শুকিয়ে গোলায় তুলছেন। গত দু’দিনের প্রখর রোদ থাকায় ধান শুকানোর পাশাপাশি গো-খাদ্য খড় সংগ্রহে ব্যস্ত হাওরের কৃষক।
খোঁজ নিয়ে জানা যায়, এখনও হাওরের কৃষি, নির্ভরশীল গবাদি পশুর উপর। গবাদি পশুর খাবার প্রাকৃতিকভাবে হাওরের খড় থেকে সংগ্রহ করেন কৃষকরা -যা মাড়াই শেষে সংগ্রহ করে থাকেন। কিন্তু এবার বেশিরভাগ এলাকায় হার্ভেস্টারে ধান কাটা ও মাড়াই করার কারণে সহজে গো-খাদ্য সংগ্রহ করতে পারছেন না কৃষক। যার ফলে কৃষকদের ধান কাটার পর আলাদাভাবে বিভিন্নজনের কাছ থেকে খড় সংগ্রহ করতে হচ্ছে।
তাই তীব্রগরম উপেক্ষা করে খড় শুকিয়ে সংগ্রহ করে রাখছেন। কেউ কঁাধে বহন করে আবার কেউ মাথায় করে শুকিয়ে বাড়ি নিয়ে যাচ্ছেন। কৃষকরা জানান, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল থেকে শুরু করে প্রায় দীর্ঘ ৪ থেকে ৫ মাস গবাদি পশুর খাদ্য সংকট নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয় কৃষকদের। সঠিক সময়ে একটু কষ্ট হলেও খড় সংগ্রহ করে রাখলে তখন কৃষকদের এই ভোগান্তি পোহাতে হয় না। এমনকি বর্ষা মৌসুমে বিক্রি করে অর্থও পাওয়া যায়।
এস এইচ টি/




