ছবি: নিজস্ব
সিলেটের ন্যায় গোয়াইনঘাটে বইছে তীব্র তাপপ্রবাহ। গরমে নাকাল জনজীবন। মাঝেমধ্যে গায়ে বাতাস লাগলেও তা যেন আগুনের হুলকি হয়ে আসে। অনেক বেশি উত্তাপ অনুভূত হওয়ায় হাঁসফাঁস অবস্থা জনজীবনে।
এদিকে আবহাওয়া অফিস সূত্রে জানা যায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল গতকাল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঘূর্ণিঝড়ে রেবালের প্রভাবে গরম কিছুটা কম হলে কমেনি গরমের উত্তাপ। বিপাকে পড়েছেন উপজেলার দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।প্রচণ্ড গরমে সাধারণ ও কর্মজীবী মানুষের ভোগান্তি আর কষ্ট বেড়েছে। তবে সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।
তীব্র রোদের কারণে দিনমজুর, রিকশাচালক ও ভ্যানচালকরা কাজ করতে পারছেন না। প্রচণ্ড গরমে কয়েক দিন ধরেই হাট-বাজারে মানুষের সমাগম কম। প্রয়োজন ছাড়া কেউ ঘর হতে বাহির হচ্ছে না।
গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ফেরি করে ৭০ বছর বয়সী সবজি বিক্রেতা সায়দুল্লাহ বলেন,তীব্র গরমে দুইদিন সবজি বিক্রি বন্ধ ছিল,আজ গরম কিছুটা কম অনুভূত হওয়ায় ভোর সকালেই ভ্যান গাড়ি নিয়ে সবজি বিক্রি করতে বেরিয়েছেন।
সময় যত গড়াচ্ছে গরমের তীব্রতা তত বাড়ছে।গরমের কারণে বেড়েছে সবজির দাম কমেছে লাভের পরিমাণ। দুইদিন সবজি বিক্রি বন্ধ থাকায় কষ্ট করে সংসার চালাতে হয়েছে।তাই আজ আর বসে না থেকে সবজি বিক্রি করতে বেরিয়েছেন।
দশগাও নওয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ খলিলুরর রহমান জানান,গরমের তীব্রতা বাড়ায় গতকাল তাঁর বিদ্যালয়ের প্রায় ১৫ জন শিক্ষার্থীর মাথায় ব্যাথা করে,সিলিং ফ্যান থাকার পরও গরমের তীব্রতা থেকে রেহাই পাচ্ছে না শিক্ষার্থীরা।
এদিকে এবার গরমের কারণে স্কুল কলেজ কোন বন্ধ না থাকায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের ছুটিও দিতে পারছেন না।তিনি জানান কোন কোন অভিভাবক বাড়ি থেকে এসে বিদ্যালয় থেকে তার বাচ্চাকে বাড়ি নিয়ে যাচ্ছেন।
কৃষক মাসুক আহমদ বলেন,ভাই গরম নায়,কিয়ামত এসেছে।মাঠে ঠিকা যায় না।হালকা বাতাস থাকলেও গরমের উত্তাপ বেশি,তাড়াতাড়ি শরীর ঘেমে বৃষ্টির ন্যায় পানি ঝরে।পানি খেতে বারবার গাছের ছায়ার নিচে আসতে হয়।
জয়নাল আবেদীন নামে একজন বলেন,গরমের তীব্রতা বলে আর লাভ নেই, ঝলমলে রোদের কারণে দূরের গ্রামকে কাছে দেখায়।সূর্যের তীর্যক আলো চোখ টান দিয়ে নিয়ে যায়।
খোঁজ নিয়ে জানা যায়,গ্রামার বেশিরভাগ মানুষ এখন খাট ছেড়ে মেঝেতে চাটি বিছিয়ে রাত্রী যাপন করছেন।রাত বারোটার আগ পর্যন্ত চলে বারান্দায় পায়চারী।দিন হলেই ঘরের পুরুষ মানুষ গাছের নিচে সুশীতল প্রকৃতির খোঁজে চলে যান।
গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সারোয়ার জানান,গরমের কারনে কিছু ডিহাইড্রেশন রোগির সংখ্যা বেড়েছে।বর্তমানে হাসপাতালে ৬০ জন এর মত রোগী ভর্তি রয়েছেন।আউট ডোরে প্রতিদিন ৪শতাধিক রোগী দেখা হচ্ছে। তিনি বলেন,এইভাবে আরো দুই এক দিন গরমের তীব্রতার স্থায়িত্ব থাকলে হাসপাতালে ডায়রিয়া শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগের রোগীর সংখ্যা বাড়ার আশংকা রয়েছে।
এছাড়া গরমের তীব্রতা থেকে কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদে রাখতে স্কুল কলেজ বন্ধ রাখার দাবি করছেন সচেতন মহল।
এস এইচ টি/




